ভেস্তে গেল বাল্যবিয়ে, নেওয়া হলো শপথ

রাত আটটা। কনকনে শীত। হঠাৎ খবর এল—গ্রামে বাল্যবিয়ে হচ্ছে।
বিলম্ব না করে প্রশাসনের কর্তাব্যক্তিরা গ্রামে ছুটে যান। তাঁরা ঘটনাস্থলে হাজির হয়ে বাল্যবিয়ে ভেঙে দেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে করা হয় জরিমানা। একই সঙ্গে বাল্যবিয়ে না দেওয়ার জন্য উপস্থিত সবাইকে দিয়ে করানো হয় শপথ। গতকাল সোমবার রাতে মেহেরপুর সদর উপজেলার সোনাপুর গ্রামে ঘটনাটি ঘটে।
জেলা প্রশাসন সূত্র জানায়, সোনাপুর গ্রামের বাবর আলীর দশম শ্রেণিপড়ুয়া মেয়ে ফাতেমা খাতুনের সঙ্গে একই গ্রামের মো. আলেহীমের ছেলে বিপ্লবের (২২) বিয়ে দেওয়া হচ্ছে বলে খবর পাওয়া যায়। এই তথ্য জানার পর জেলা প্রশাসক শফিকুল ইসলামসহ প্রশাসনের কর্তাব্যক্তিরা ঘটনাস্থলে যান। তাঁদের উপস্থিতি টের পেয়ে বর ও কনের বাবা-মা সটকে পড়েন। হাতেনাতে ধরা হয় বরের ভাই সেন্টু ও কনেকে। পরে বর-কনের অভিভাবকদের ঘটনাস্থলে হাজির করেন এলাকাবাসী। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। বরের বাবা ও ভাই এবং কনে ও কনের বাবাকে এক হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয় লোকজনের ভাষ্য, বাল্যবিয়ের আসরে প্রশাসনের হানা ও ভ্রাম্যমাণ আদালত বসার খবর ছড়িয়ে পড়লে সেখানে প্রতিবেশীসহ গ্রামবাসী জড়ো হন। বিয়ের আসরে উপস্থিত গ্রামবাসীদের বাল্যবিয়ে না দেওয়ার জন্য শপথ করান জেলা প্রশাসক। গ্রামবাসী ভবিষ্যতে বাল্যবিয়ে না দেওয়ার ব্যাপারে প্রতিজ্ঞা করেন।
গ্রামবাসীরা শপথ করে বলেন, গ্রামে কোনো বাল্যবিয়ে হবে না। বাল্যবিয়ে হতে দেখলে তাঁরা তা প্রতিরোধ করবেন। তা সম্ভব না হলে তাঁরা বিষয়টি জেলা প্রশাসনকে জানাবেন।
ঘটনাস্থলে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খাইরুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) শাহীনুজ্জামান, ডেপুটি নেজারত (এনডিসি) ও নির্বাহী হাকিম মো. নূর-এ-আলম এবং পুলিশের উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মো. নূর-এ-আলম বলেন, বর-কনের অভিভাবকেরা প্রতিশ্রুতি দিয়েছেন, মেয়ের বিয়ের আইনানুগ বয়স পূর্ণ হওয়ার আগ পর্যন্ত তাঁরা অপেক্ষা করবেন। এই সময়ে মেয়ে তার লেখাপড়া চালিয়ে যাবে।
জেলা প্রশাসক শফিকুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, যেখানেই বাল্যবিয়ে, সেখানেই প্রতিরোধ। যেকোনো মূল্যে জেলাকে বাল্যবিয়েমুক্ত করা হবে। এজন্য জনপ্রতিনিধি, এলাকার সুশীল সমাজসহ গ্রামবাসীকে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে। এর পরও বাল্যবিয়ে হলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার বিষয়ে প্রাথমিকভাবে বর-কনের পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।