ভোজ আয়োজনকারী সেই প্রার্থীকে শোকজ
বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) কর্মীদের আপ্যায়নে ‘নির্বাচনী ভোজ’-এর আয়োজন করে আচরণবিধি লঙ্ঘন করায় আওয়ামী লীগের সেই চেয়ারম্যান পদপ্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তা নুরুল ইসলাম আজ মঙ্গলবার খোট্টাপাড়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফারুককে এই কারণ দর্শানোর নোটিশ পাঠান। তাঁকে দুই দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের নির্দেশে আওয়ামী লীগ প্রার্থীর কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে মনোনয়নপত্র দাখিলের দিনে কর্মীদের জন্য ভোজের আয়োজন করার মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। দুই দিনের মধ্যে নোটিশের জবাব চাওয়া হয়েছে।
প্রার্থী আবদুল্লাহ আল ফারুক গতকাল সোমবার খোট্টাপাড়া ইউনিয়নের মোস্তাইল পাঁচ পীরতলা বালিকা দাখিল মাদ্রাসায় চার শতাধিক শিক্ষার্থীর পাঠদান বন্ধ রেখে এই ‘নির্বাচনী ভোজ’-এর আয়োজন করেন। এ নিয়ে আজ প্রথম আলোয় ‘আ.লীগ প্রার্থীর “নির্বাচনী ভোজ”’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
বগুড়া জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী প্রথম আলোকে বলেন, ‘প্রথম আলোর প্রতিবেদনটি নির্বাচন কমিশনের নজরে আসার পর একজন সচিব ফোন করে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। সেই অনুযায়ী আওয়ামী লীগের ওই প্রার্থীর কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানোর জন্য রিটার্নিং কর্মকর্তাকে বলা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে নির্বাচনী বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
গতকাল মোস্তাইল পাঁচ পীরতলা বালিকা দাখিল মাদ্রাসায় আয়োজিত ওই নির্বাচনী ভোজে ১৮ মণ চালের ভাত আর পাঁচ মণ গরুর মাংসের সঙ্গে ১৫ মণ আলু দিয়ে তরকারি রান্না করে পাঁচ থেকে ছয় হাজার কর্মীকে খাওয়ানো হয়। এ ছাড়া ওই প্রার্থী শ খানেক মোটরসাইকেলের শো-ডাউন ও মিছিল নিয়ে উপজেলা সদরে গিয়ে মনোনয়ন দাখিল করেন।
আরও পড়ুন