ভোজ্যতেল শোধনাগারের জন্য বেপরোয়া ঋণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের নুরজাহান গ্রুপের ভোজ্যতেল পরিশোধন কারখানাগুলোর বার্ষিক উৎপাদনক্ষমতা ২০ লাখ টন। অথচ ট্যারিফ কমিশনের হিসাবে দেশে ভোজ্যতেলের বার্ষিক চাহিদাই ১৪ লাখ টন।
সয়াবিন, পাম, সুপার পাম পরিশোধনে দেশে বড় প্রতিষ্ঠানগুলো হলো: সিটি গ্রুপ, মেঘনা, টিকে, মোস্তফা, এস আলম, এস এ গ্রুপ, বাংলাদেশ এডিবল অয়েল, সেভেন সার্কেল বিটুমিন ও এডিবল অয়েল, এইচআর গ্রুপ ও ইলিয়াস ব্রাদার্স। ব্যবসায়িক সূত্রগুলো বলছে, সব প্রতিষ্ঠান মিলে দেশে ভোজ্যতেল উৎপাদনের ক্ষমতা ৪০ থেকে ৪৫ লাখ টন।
চট্টগ্রামের ব্যাংকগুলো দেশের চাহিদা, উৎপাদনক্ষমতা, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় না নিয়েই ভোজ্যতেল পরিশোধন কারখানা স্থাপন বা অপরিশোধিত তেল আমদানিতে ঋণ দিয়েছে। অনেকটা প্রতিযোগিতা করেই ১২-১৫ জন ব্যবসায়ীকে প্রায় সব ব্যাংকই ঋণ দেয়।
বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এই ঋণ পরিশোধে কোম্পানিগুলোর সক্ষমতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো: ইলিয়াস অ্যান্ড ব্রাদার্স, ইমাম গ্রুপ, মোস্তফা গ্রুপ, নুরজাহান গ্রুপ, এইচআর গ্রুপ।
চট্টগ্রামের ব্যাংক শাখাগুলোর কর্মকর্তারা জানান, প্রধান কার্যালয় ঋণ বিতরণ ও মুনাফার লক্ষ্যমাত্রা তাদের ঠিক করে দিয়েছে। শাখাগুলো সেই ঋণ বিতরণ করেছে বাছবিচার ছাড়াই। আবার ক্ষেত্রবিশেষে প্রধান কার্যালয় থেকে কোনো কোনো গ্রাহককে ঋণ দিতে শাখাকে নির্দেশনাও দেওয়া হয়েছে। ব্যাংকগুলো ঋণ দেওয়ার আগে পুরো গ্রুপের সম্পদ ও দায়ের মূল্যায়নও করেনি। এই ঋণগুলো এখন ব্যাংকের ফাঁস হয়েছে। মূলত ভোজ্যতেল, জাহাজভাঙা শিল্প ও ইস্পাতশিল্পে এসব ঋণ আটকে আছে।
ঢাকায় ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকারস বাংলাদেশের (এবিবি) সভাপতি ও ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখারকে প্রশ্ন করা হলে তিনি বিষয়গুলো স্বীকার করেন। বলেন, ‘হ্যাঁ, নতুন তেলের পরিশোধন কারখানা স্থাপনে দেশের চাহিদা-সরবরাহ যথেষ্ট বিবেচনা পায়নি। হিসাব না করে এসব ঋণ দিয়ে এখন আটকে আছে ব্যাংকগুলো।’ তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের ঋণ তথ্য ব্যুরোর (সিআইবি) প্রতিবেদন পাওয়ার পর ব্যাংকের দায়িত্ব হচ্ছে গোটা গ্রুপের সম্পদ ও দায়ের হিসাব করা। কেউ এটা না করলে শুধু সেই ব্যাংক ক্ষতিগ্রস্ত হবে না, অন্য ব্যাংকও আটকে যাবে। চট্টগ্রামে সেটা হয়েছে বলেই দেখা গেছে।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মাহবুবুর রহমানও স্বীকার করেন, যথাযথ বাজার বিশ্লেষণ ব্যাংকাররা করেননি। তিনি বলেন, ‘এলসি খোলার সময় ব্যাংকগুলো আন্তর্জাতিক বাজার, দেশের চাহিদা, বাজার পরিস্থিতি—এগুলো সঠিকভাবে বিশ্লেষণ করেনি। এর অনেক ক্ষেত্রে অবশ্য পর্যাপ্ত তথ্য সহজে পাওয়া যায়নি। আবার ব্যবসায়ীরাও স্বচ্ছতা রক্ষা করেননি। তথ্য গোপন করেছেন।’
মাত্র কয়েক বছর আগে গড়ে ওঠা নুরজাহান গ্রুপের কাছে ২৮টি ব্যাংক প্রায় দুই হাজার ৬০০ কোটি টাকা খাটিয়েছিল। দেশের চাহিদার চেয়ে বেশি উৎপাদনক্ষমতার কারখানাগুলো স্থাপনের কারণ জানতে চাইলে নুরজাহান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জহির আহম্মেদ বলেন, ‘একত্রে তো সবগুলো করিনি। ধরেন, আমি প্রথম ৫০০ টনের রিফাইনারি স্থাপন করলাম। পরে দেখা গেল ৫০০ টনের কারখানার জন্য আমার ১০ লাখ ডলারের ঋণপত্র (এলসি) খুলতে হচ্ছে। কিন্তু, যদি এক হাজার টনের কারখানা স্থাপন করি, সে ক্ষেত্রে ১২ লাখ ডলারের এলসি লাগে। আবার দেখা গেল সয়াবিনের রিফাইনারি স্থাপন করেছি। কিন্তু পাম বা সুপার পামে লাভ বেশি, চাহিদাও বেশি। তখন আবার ওই রিফাইনারি স্থাপনে উদ্যোগী হই।’
জহির আহম্মেদ অবশ্য জানান, তাঁর ব্যাংকের দেনা আর অত নেই। এখন নয় ব্যাংকে তাঁর ঋণের পরিমাণ এক হাজার ৬০০ কোটি থেকে এক হাজার ৭০০ কোটি টাকা। তিনি সব ব্যবসা গুছিয়ে আনছেন।
কেবল কারখানা স্থাপনে নয়, অপরিশোধিত তেল আমদানিতেও একই অবস্থা হয়েছে ২০১০, ২০১১ সময়ে। ব্যাংকগুলোও এ ক্ষেত্রে কোনো বিবেচনা, বিচার-বিশ্লেষণ করেনি। জনতা ব্যাংকের সাধারণ বীমা করপোরেট শাখায় একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ প্রসঙ্গে বলেন, ওপরের নির্দেশে ঋণ দেওয়া হয়েছে।
অনেক ব্যাংক যথাযথ বিশ্লেষণ ছাড়াই বিভিন্ন ধরনের শিল্পের চলতি মূলধনী ঋণের মেয়াদ ছয় মাস ও এক বছর করে নিয়েছে। অপরিশোধিত ভোজ্যতেল আমদানি করে এনে তা পরিশোধন করে বাজারজাতের সময় যদি এক বছর হয়, তাহলে সেই ঋণের অর্থ অন্য খাতে যাবে। চট্টগ্রামে তা-ই হয়েছে। ৯০ দিনের এলটিআর (লোন অ্যাগেইনস্ট ট্রাস্ট রিসিট) বা বিশ্বাসী ঋণের মেয়াদ বাড়িয়েছে ব্যাংকগুলো। এ ক্ষেত্রে কাঁচামাল এনে উৎপাদন ও বাজারজাত করার পর অর্থ ঘরে আনা এবং ব্যাংকের অর্থ পরিশোধের সময়গুলো যথাযথভাবে বিশ্লেষণ হয়নি।
এ বিষয়ে আলী রেজা ইফতেখার বলেন, উৎপাদন ও নগদ অর্থের (ক্যাশ) যে চক্র, তা অনুসরণ না করে যদি এলটিআরের মেয়াদ বৃদ্ধি করা হয়ে থাকে, তা অবশ্যই বিচক্ষণ ব্যাংকিং হয়নি। সেটা হয়ে থাকলে সেই ঋণের অর্থ অবশ্যই ভিন্ন খাতে গিয়েছে।