বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আট ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন গতকাল শনিবার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ভোট কারচুপির অভিযোগে মধুপুর উপজেলার একটি ইউপিতে বিএনপির প্রার্থী হুমায়ুন কবির তালুকদার নির্বাচন বর্জন করার ঘোষণা দিয়েছেন। গতকাল এ উপজেলার আরও দুটি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল দেলদুয়ারের আটটি ও মধুপুরের তিনটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। দেলদুয়ার উপজেলায় পাথরাইল ইউপির মঙ্গলহোর দশকিয়া প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা টাঙ্গাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বলেন, দুপুরে এই কেন্দ্রে আওয়ামী লীগ পরিচয় দিয়ে ঢাকার এক নারীনেত্রী ভোটারদের নৌকায় ভোট দেওয়ার বাধ্য করার চেষ্টা করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দিলে ওই নেত্রী ক্ষিপ্ত হয়ে লাঠি নিয়ে দায়িত্বরত আনসারদের ওপর হামলা চালানোর চেষ্টা করেন।
মধুপুরের গোলাবাড়ী ইউপির বিএনপি মনোনীত প্রার্থী এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির তালুকদার কারচুপির অভিযোগ তুলে দুপুর ১২টার দিকে নির্বাচন বর্জন করেন। হুমায়ুন কবির অভিযোগ করেন, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা ওরফে বাবলু খানের কর্মী-সমর্থকেরা ইউপির হাসনই, আড়ালিয়া কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্রে ভোটারদের প্রকাশ্যে সিল দিতে বাধ্য করেন। এসব কেন্দ্রে তাঁর এজেন্টদেরও বের করে দেওয়া হয়।
মধুপুরের আলোকদিয়া ইউপির কালামাঝি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে বেলা একটার দিকে দুই ইউপি সদস্যের প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হলে পুলিশ একটি ফাঁকা গুলি ছোড়ে। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রমজান আলী বলেন, কেন্দ্রের বাইরে সামান্য গোলযোগ হলেও ভোট গ্রহণে কোনো সমস্যা হয়নি।