
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চার দিন পর গতকাল বুধবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউপির একটি কেন্দ্র থেকে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবুল হাসেমের চশমা প্রতীকে সিল মারা ১৩৫টি ব্যালট পেপার উদ্ধার করেছে পুলিশ। এ ইউপিতে আবুল হাসেমের চেয়ে ৫৮ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী।
এদিকে ব্যালট পেপার উদ্ধারের পর স্বতন্ত্র প্রার্থী আবুল হাসেম গতকাল ওই কেন্দ্রে অনিয়ম ও জাল ভোট দেওয়ার অভিযোগ এনে পুনরায় ভোট গ্রহণের দাবিতে উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত আবেদন দিয়েছেন।
সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিন তালুকদার প্রথম আলোকে বলেন, খবর পেয়ে তিনি গতকাল সাদিপুর ইউপির গজারিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে আবুল হাসেমের চশমা প্রতীকে সিল মারা ১৩৫টি ব্যালট পেপার উদ্ধার করেন। এরপর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তিনি এগুলো উপজেলা নির্বাচন কার্যালয়ে হস্তান্তর করেন।
গজারিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী আবজল হোসেন বলেন, ওই কেন্দ্রের মোট ভোটার ১ হাজার ৫২১ জন। এর মধ্যে ১ হাজার ২১টি ভোট পড়ে। নির্বাচনের দিন দুপুরে ওই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মধ্যে সংঘর্ষ হয়। এরপর ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করে ব্যর্থ হয়ে বাক্স ভেঙে ফেলে দুর্বৃত্তরা। ঘটনার পর ভোট গ্রহণ কিছুক্ষণ বন্ধ থকে। পরে আবার ভোট গ্রহণ শুরু হয়। তিনি বলেন, যে ব্যালট বাক্সটি ভেঙে ফেলা হয়, সেই বাক্সের ৩৭৬টি ভোট বাতিল করে ফলাফল ঘোষণা করা হয়। প্রাপ্ত ফলাফল অনুযায়ী চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবুল হাশেম ৪১৬ ভোট ও আওয়ামী লীগের প্রার্থী আব্দুর রশিদ ২৮৮টি ভোট পান। এই কেন্দ্রে ১২৮ ভোট বেশি পেয়ে স্বতন্ত্র প্রার্থী আবুল হাসেম জয়ী হন। এ ইউপিতে চেয়ারম্যান পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করেন।
আবজল হোসেন বলেন, হয়তো বাতিল করা ব্যালট পেপারগুলো বা অনিয়ম করে নতুন করে ছাপিয়ে সিল মেরে এসব ব্যালট পেপার ওই স্থানে রেখে পুলিশকে খবর দেওয়া হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী আবুল হাসেম বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী আব্দুর রশিদের সমর্থকেরা প্রশাসনের সহযোগিতায় ব্যাপক অনিয়ম করে আমাকে মাত্র ৫৮ ভোটের ব্যবধানে পরাজিত দেখিয়েছেন। নির্বাচনের দিন যে অনিয়ম হয়েছে, ব্যালট পেপার উদ্ধারের ঘটনায় সেটা আরও জোরালো হলো।’
জানতে চাইলে আওয়ামী লীগের প্রার্থী আব্দুর রশিদ বলেন, ‘নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। স্বতন্ত্র প্রার্থীর এত ভোট পাওয়াই এর প্রমাণ। ওই কেন্দ্রে আমি বিজয়ী হতে পারিনি। স্বতন্ত্র প্রার্থী অনিয়ম করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এ ধরনের নাটক সাজিয়েছেন।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা হাবিবা আখতার বলেন, ‘ইতিমধ্যে আমরা তদন্ত শুরু করেছি। এখন নির্বাচন কমিশনের নির্দেশের অপেক্ষায় আছি।’