ভোট চলাকালে স্বতন্ত্র প্রার্থী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদের নির্বাচনে রংপুরের মিঠাপুকুর উপজেলার গোপালপুর ইউপির চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হারুন অর রশিদকে গতকাল শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
হারুন অর রশিদ মিঠাপুকুরের ফতেপুর বাতাসন এলাকায় চলন্ত বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি। পুলিশ জানায়, গতকাল দুপুর ১২টার দিকে গোপালপুর ইউনিয়নের সর্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বের হওয়ার পর বাইরে থেকে হারুন অর রশিদকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই ইউপির বর্তমান চেয়ারম্যান। তিনি ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। এখানে বিএনপির মনোনীত কোনো প্রার্থী নেই।
মিঠাপুকুর থানার ওসি হুনমায়ূন কবির বলেন, গত বছরের ১৩ জানুয়ারি মধ্যরাতে উপজেলার ফতেপুর বাতাসন এলাকায় বাসে পেট্রলবোমা হামলায় পাঁচজন নিহত হন। ওই ঘটনার মামলায় হারুন অর রশিদকে আসামি করা হয়। গতকাল বিকেলে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।