কিশোরগঞ্জের কটিয়াদীর উপজেলার লোহাজুরী ইউনিয়নের দুটি কেন্দ্রে প্রকাশ্যে জাল ভোট এবং বাজিতপুরে দুটি কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তা ছাড়া এ দুটি উপজেলার আরও কয়েকটি ইউনিয়নের বেশ কয়েকটি কেন্দ্রে সংঘর্ষ ও ক্ষমতাসীন দলের প্রার্থীর প্রভাব বিস্তারের অভিযোগ পাওয়া গেছে।
ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় বাজিতপুর উপজেলার কৈলাক ইউনিয়নের কৈলাক বাংলা বাজার পুরাতন ইউনিয়ন পরিষদ কেন্দ্রটি স্থগিত করা হয়। জাল ভোট প্রদান ও এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ এনে ওই ইউনিয়নের বিএনপি-সমর্থিত প্রার্থী মোহাম্মদ আলী নির্বাচন বর্জন করেন।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে প্রায় সব কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলে। দুপুর ১২টা থেকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি চলে বেলা সাড়ে তিনটা পর্যন্ত। এ সময় প্রায় সব ভোটকেন্দ্র প্রায় ভোটারশূন্য হয়ে পড়ে।
দুপুর ১২টায় গিয়ে দেখা যায়, কৈলাক ইউনিয়ন পরিষদ কেন্দ্রটির ভেতর এবং বাইরে ক্ষমতাসীন দলের প্রার্থীর কর্মী-সমর্থকেরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন। তাঁরা ভোটারদের নৌকা প্রতীকে প্রকাশ্যে সিল মারতে বাধ্য করছেন। কিছুক্ষণ পর নৌকার সমর্থকেরা এসে জোর করে তিনটি ব্যালট পেপারের বই (প্রতিটি ১০০) ছিনিয়ে নিয়ে যান। এ অবস্থায় প্রিসাইডিং কর্মকর্তা ভোটকেন্দ্রের নির্বাচন স্থগিত ঘোষণা করেন। উপজেলা রিটার্নিং কর্মকর্তা এ জেড এম শারজিল হাসান নির্বাচন স্থগিত করার সত্যতা স্বীকার করেন। বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী অভিযোগ করেন, ‘সকালে কিছুক্ষণ সুষ্ঠু ভোট হলেও ১০টার পর নৌকার সমর্থকদের নিয়ন্ত্রণে চলে যায়। সব কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেওয়া হয়। এ অবস্থায় সুষ্ঠু ভোটের আর কোনো সুযোগ না থাকায় আমি ভোট বর্জন করেছি।’
পিরিজপুর ইউনিয়নের বাজেগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুর ১২টার দিকে একদল দুর্বৃত্ত ৩০০ ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় সেগুলো উদ্ধার হয়। এ তথ্য নিশ্চিত করেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল আলম।
বেলা দুইটার পর কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের ৭১ নম্বর দশপাখী পূর্বচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী আতাহার উদ্দিনের কর্মী-সমর্থকেরা একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে বিএনপিসহ সব প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে প্রকাশ্যে সিল মারেন। বেলা সোয়া তিনটা থেকে চারটা পর্যন্ত কেন্দ্রটিতে অবস্থান করে দেখা যায়, বাইরে কয়েক শ লোক থাকলেও কেন্দ্রে কোনো ভোটার নেই। প্রতিটি বুথে ক্ষমতাসীন দলের কর্মীরা অবস্থান করছেন।
প্রিসাইডিং কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘জোর করে সিল মারতে দেখে আমি আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছি। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আসতে দেরি হয়েছে।’ তিনি জানান, বেলা সাড়ে তিনটার মধ্যে ১ হাজার ৭০০ ভোটের মধ্যে ১ হাজার ৬৮০ ভোট দেওয়া হয়ে যায়। এ অবস্থায় বিকেল পৌনে চারটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আকলিমা খাতুন কেন্দ্রে আসেন। আকলিমা খাতুন বলেন, সমস্যার কথা জেনে তিনি এসেছেন। এর চেয়ে বেশি কিছু বলতে চাননি তিনি। বেলা ৩টা ২০ মিনিটের দিকে একই ইউনিয়নের পূর্বচর পাড়াতলা কেন্দ্রে নৌকার সমর্থকেরা কেন্দ্র দখলে নিয়ে প্রকাশ্যে সিল মারেন।