ভোট না দেওয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর ইউনিয়নের পীরকাশিমপুর গ্রামে গতকাল সোমবার ইভা আক্তার (২৪) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

অভিযোগ রয়েছে, গত শনিবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বামীর চাচাকে ধানের শীষ প্রতীকে ভোট না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ওই গৃহবধূকে হত্যা করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাত বছর আগে পীরকাশিমপুর গ্রামের নূরে আলমের ছেলে মো. বিপ্লব একই গ্রামের সফিকুল ইসলামের মেয়ে ইভা আক্তারকে বাড়ি থেকে তুলে নিয়ে বিয়ে করেন। বিয়ের পর তাঁদের যমজ দুটি ছেলে (হাসান ও হোসেন) হয়। একপর্যায়ে সামাজিক নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রী ও পরিবার দুটির মধ্যে শত্রুতা বেড়ে যায়। ষষ্ঠ ধাপে কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর ইউপি থেকে ইভার চাচা শিমুল বিল্লাল আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। অন্যদিকে বিপ্লবের চাচা শাহ আলম সরকার ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন। শনিবার অনুষ্ঠিত নির্বাচনে ইভা কাকে ভোট দিয়েছেন—এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কয়েক দিন ধরে কলহ লেগে থাকে। বিপ্লবের চাচার সন্দেহ, তাঁর ভাতিজার স্ত্রী তাঁকে ভোট দেননি। ইভা চাচাশ্বশুরকে ভোট দিয়েছেন বলে নিশ্চিত করেন। এরপরও তাঁর ওপর সন্দেহ হয়। এ ছাড়া পরিবার দুটির মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ রয়েছে। গতকাল দুপুর আনুমানিক ১২টায় পূর্বপরিকল্পিতভাবে স্বামীসহ তাঁর বাড়ির লোকজন ইভাকে পিটিয়ে হত্যা করেন। একপর্যায়ে প্রকৃত ঘটনা গোপন রেখে ইভা আত্মহত্যা করেছেন বলে অপপ্রচার চালাতে থাকেন। কিন্তু ইভার মাথায় কোপ; গলা, ঘাড় ও পিঠে অসংখ্য বেত্রাঘাতের চি‎হ্ন এবং জমাটবাঁধা রক্ত থাকায় বিষয়টি নিয়ে সন্দেহ দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ইভার বাবা সফিকুল ইসলাম দাবি করেন, তাঁর মেয়েকে নির্যাতন করে, পিটিয়ে হত্যা করা হয়। ভোট দেওয়া না-দেওয়ার বাইরেও ওই পরিবারের সঙ্গে তাঁদের আগে থেকেই বিরোধ ছিল।

ঘটনার পর থেকে বিপ্লব পলাতক রয়েছেন। তাঁর চাচা শাহ আলম সরকারের মুঠোফোনে কথা বলতে একাধিকবার চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।