নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থীর লোকজন ভোটকেন্দ্র ও বিএনপি-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থীর বাড়িতে হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিএনপির প্রার্থীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। নির্বাচন চলাকালে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষের সমর্থকেরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে কেন্দ্র দখল ও জাল ভোট দিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সমর্থকেরা। নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ইমান আলী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
গত ২৭ মে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল মতিনের মৃত্যুর কারণে ওয়ার্ড কাউন্সিলর পদটি শূন্য হয়। এ কারণে গতকাল ওই ওয়ার্ডে উপনির্বাচন হয়। রামচন্দ্রদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাতটি বুথে ভোট নেওয়া হয়।
বিএনপি-সমর্থিত প্রার্থী মামুন আহমদের ভাই ইব্রাহিম অভিযোগ করেন, বেলা ১১টার দিকে ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতার নেতৃত্বে ৩০-৪০ জন যুবক ভোটকেন্দ্র দখল করেন। তাঁরা সাধারণ ভোটারদের কেন্দ্র থেকে বের করে দিয়ে ভোট দিতে থাকলে মামুন ও তাঁর সমর্থকেরা বাধা দেন। এ সময় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর লোকজন মামুন ও তাঁর সমর্থকদের ওপর হামলা চালান। পরে তাঁরা মামুন আহমদের বাড়িতেও হামলা চালান। ভোটকেন্দ্র থেকে আহত অবস্থায় মামুনকে উদ্ধার করে আড়াইহাজার এ টু জেড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে তাঁকে বিকেলে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। মামুনের ভাই ইব্রাহিম এবং সফিকুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়।
কেন্দ্র দখল, জাল ভোট দেওয়া ও বিএনপি-সমর্থিত প্রার্থীর ওপর হামলা চালানোর বিষয়ে কথা বলার জন্য বিজয়ী কাউন্সিলর পদপ্রার্থী ইমান আলীর মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
কেন্দ্র দখল করতে যাওয়ায় ও জাল ভোট দেওয়ার অভিযোগে ভোটকেন্দ্রে দায়িত্বরত নির্বাহী হাকিম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শরীফুল হক আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষের মাছুম, সফিকুল, সজীব ও ডালিমকে আটক করে অর্থদণ্ড ও মুচলেকা নিয়ে ছেড়ে দেন। এ ঘটনায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর লোকজন নির্বাহী হাকিমের ওপর চড়াও হওয়ার চেষ্টা চালান। এ সময় কেন্দ্রে উত্তেজনা দেখা দিলে এক ঘণ্টা ভোট নেওয়া বন্ধ থাকে।
নির্বাহী হাকিম শরীফুল হক বলেন, কিছু উচ্ছৃঙ্খল যুবক কেন্দ্রে গোলযোগের চেষ্টাকালে তাঁদের প্রতিহত করতে গেলে তাঁরা হইহুল্লোড় করেন।
দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা আবদুল কাদির বলেন, ওই কেন্দ্রে মোট ২ হাজার ৯১৮ জন ভোটার ছিলেন। এর মধ্যে ১ হাজার ৪০৪ জন ভোটার ভোট দেন। ৬৩টি ভোট বাতিল করা হয়। কেন্দ্রে কিছুটা বিশৃঙ্খলা দেখা দিলে কিছু সময়ের জন্য ভোট নেওয়া বন্ধ রাখা হয়।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোরশেদ আলম ভোটকেন্দ্র দখল হওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, বেলা ১১টার দিকে কিছু উচ্ছৃঙ্খল লোক কেন্দ্রে গোলযোগের চেষ্টা করলে তাঁদের আইনশৃঙ্খলা বাহিনী তাড়িয়ে দেয়। বাকি সময় শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়।