ভোটকেন্দ্রে ছাত্রলীগ নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউপিতে ভোট গ্রহণ চলাকালে প্রতিপক্ষের লোকজনের ধারালো অস্ত্রের আঘাতে ইয়াছিন আরাফাত (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সোয়া আটটার দিকে ভেলানগর মোহাম্মদীয়া ইবতেদায়ি মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
নিহত আরাফাত নেয়াজপুর ইউনিয়নের বেলানগর গ্রামের মো. সেলিমের ছেলে। তিনি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। একই ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে ও পিটুনিতে আহত হন কমপক্ষে আরও ১০ জন।
উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র দখলে নেওয়ার ঘটনা নিয়ে বিক্ষিপ্ত হামলা-পাল্টাহামলা, ধাওয়া ও গোলাগুলির ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। তাঁদের মধ্যে গুলিবিদ্ধ তিনজনসহ ১৬ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিভিন্ন অনিয়মের কারণে ছয়টি ইউপির ১৫টি কেন্দ্রের নির্বাচন স্থগিত করেছেন সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তা এবং নির্বাচন কমিশনের প্রতিনিধিরা।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ভোট গ্রহণ শুরু হতে না হতে সকাল সোয়া আটটার দিকে নেয়াজপুর ইউনিয়নের বেলানগর মোহাম্মদীয় ইবতেদায়ি মাদ্রাসা কেন্দ্রে নৌকার প্রার্থীর কর্মীরা কেন্দ্রে ঢুকে ভোটারদের হাত থেকে ব্যালট পেপার ছিনিয়ে প্রকাশ্যে সিল মারা শুরু করে। এ সময় আওয়ামী লীগ সমর্থক সদস্য প্রার্থী শাহাদাত হোসেন ওরফে কামালের সমর্থকেরাও ব্যালট ছিনিয়ে নিয়ে সিল মারতে গেলে বাধা দেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল কাসেম ওরফে বাচ্চুর লোকজন।
এ নিয়ে দুই পক্ষের তর্কের এক পর্যায়ে কেন্দ্রের ভেতরেই এক পক্ষ ধারালো অস্ত্র নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীদের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন ইয়াছিন আরাফাত। তাঁকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আরাফাতের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রামের লোকজন। তাঁরা হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন এবং মাইজদী-কবিরহাট সড়ক অবরোধ করেন। পরে সন্ধ্যায় পুলিশ গিয়ে অবরোধকারীদের সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বেলা ১১টায় একদল দুর্বৃত্ত পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কাদিরহানিফ ইউনিয়নের মোতালেব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঢুকে কয়েক শ ব্যালট পেপার ও বাক্স ছিনিয়ে নিয়ে যায়। এ সময় পুলিশ গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে কেন্দ্রের নির্বাচন স্থগিত করেন প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ মোফাজ্জল হোসাইন।
বেলা দুইটার দিকে নৌকা প্রতীকের একদল সমর্থক দাদপুর ইউনিয়নের দামোদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঢুকে জোরপূর্বক ব্যালট পেপার ও বাক্স ছিনিয়ে নিয়ে যায়। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেন প্রিসাইডিং কর্মকর্তা হাসান মাহমুদ।
সকাল সাড়ে ১০টার দিকে এওজবালিয়া ইউনিয়নের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দখল নিয়ে দুই সদস্য প্রার্থীর সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে সদস্য প্রার্থী কবির হোসেন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হন। এ ছাড়া বিভিন্ন কেন্দ্র দখল নিয়ে পাল্টাপাল্টি হামলা ও ধাওয়ার ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৩০ জন।
নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কেন্দ্র দখল, ব্যালট পেপার ও বাক্স ছিনিয়ে নেওয়াসহ বিভিন্ন অনিয়মের ঘটনায় ১০টি ইউনিয়নের মধ্যে ছয়টি ইউনিয়নের ১৫টি ভোটকেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়েছে। এর মধ্যে নেয়াজপুরে পাঁচটি, বিনোদপুরে চারটি, কাদিরহানিফে তিনটি এবং অশ্বদিয়া, দাদপুর ও এওজবালিয়ায় একটি করে কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন প্রথম আলোকে বলেন, বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যে যে কেন্দ্র থেকে অভিযোগ এসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অনিয়মের ঘটনায় বিভিন্ন ইউনিয়নে ১৫টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
বিএনপির সংবাদ সম্মেলন: নোয়াখালী সদর উপজেলার ১০টি ইউপিতে পুনর্নির্বাচন দাবি করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে গতকাল দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহমান।
এর আগে সকালে এওজবালিয়া ইউপির বিএনপির প্রার্থী শাহজাহান স্বপন ও অশ্বদিয়া ইউপির বিএনপির প্রার্থী আবদুল্লাহ-আল-ফারুক নির্বাচন বর্জন করেন।