ভোটকেন্দ্রে হামলার অভিযোগে মামলা
কুমিল্লার হোমনা পৌরসভা নির্বাচনের দিন গত বুধবার হোমনা আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে হামলার অভিযোগে স্বতন্ত্র মেয়র প্রার্থী জহিরুল হকের পৌনে দুই শ সমর্থককে আসামি করে মামলা করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হোমনা থানার উপপরিদর্শক (এসআই) ইমরান সাজ্জাদ বাদী হয়ে নির্বাচনের রাতেই মামলাটি করেন। এতে জহিরুল হকের ছেলে মো. রিয়াদসহ ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দেড় শ জনকে আসামি করা হয়। এতে গ্রেপ্তার-আতঙ্কে আছেন হোমনা পূর্বপাড়ার লোকজন।
নাম প্রকাশ না করার শর্তে হোমনা পূর্বপাড়ার এক ব্যক্তি বলেন, ‘মামলা হওয়ার পর থেকেই পুলিশ বাড়ি বাড়ি গিয়ে আসামি খুঁজছে। আমরা নিরীহ মানুষ; পুলিশের হয়রানির ভয়ে রাতে বাড়ি থাকতে পারছি না।’
হোমনা থানার ওসি আবুল ফয়সল বলেন, নির্বাচনের দিন হোমনা আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী জহিরুল হকের সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালিয়ে ভোটকেন্দ্র দখলের চেষ্টা চালায়। এতে পুলিশের এক কর্মকর্তাসহ তিনজন পুলিশ সদস্য আহত হন।
মামলার বাদী এসআই ইমরান সাজ্জাদ বলেন, ‘সরকারি কাজে বাধা দিয়ে অস্ত্র নিয়ে হামলা চালায় জহিরুল হকের সমর্থকেরা। হামলাকারী কয়েকজনকে চিহ্নিত করতে পেরেছি।’
স্বতন্ত্র মেয়র প্রার্থী জহিরুল হক বলেন, ‘আমার সমর্থকেরা কেন্দ্র দখল করতে গেছে, এটি সঠিক নয়। বরং শান্তিপূর্ণ ভোটকেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা হামলা চালিয়েছে আর মামলা দেওয়া হয়েছে আমাদের লোকের বিরুদ্ধে।’