ভোটের আগেই বহিরাগত আটক, পুলিশসহ দুজনকে প্রত্যাহার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার সাতটি ইউনিয়নে আজ শনিবার সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়েছে। গতকাল শুক্রবার রাতে ভোটকেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে একজনকে আটক করা হয়। প্রত্যাহার করা হয় এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও একজন উপপরিদর্শককে (এসআই)।
জেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আলমডাঙ্গার হারদী ইউনিয়নের শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গতকাল রাত সাড়ে ১০টার দিকে অনধিকার প্রবেশের অভিযোগে মনিরুল ইসলাম নামের এক বহিরাগতকে পুলিশ আটক করে। মনিরুলকে কেন্দ্রের ভেতরে প্রবেশের সুযোগ দেওয়ার অভিযোগে দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তা এ বি এম মমিনুর রহমানকে প্রত্যাহার করা হয়।
এর আগে অচিন্ত্য কুমার নামে পুলিশের এক এসআইকে স্ট্রাইকিং ফোর্সের দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। অচিন্ত্যর বিরুদ্ধে অভিযোগ, কুমারী ইউনিয়নের জন্য ১৪ জনের সমন্বয়ে স্ট্রাইকিং ফোর্স গঠন করা হলেও তিনি পুলিশ সদস্য ছাড়াই মাত্র চারজন আনসার সদস্যকে নিয়ে নির্বাচনী এলাকায় যান। এমন অভিযোগের ভিত্তিতে গতকাল রাতেই তাঁকে প্রত্যাহার করে চুয়াডাঙ্গা পুলিশ লাইনে নেওয়া হয় এবং সদর থানার এসআই ওয়াহেদুজ্জামানকে ওই স্ট্রাইকিং ফোর্সের দায়িত্ব দেওয়া হয়।