ভোটের পর আট জেলায় সংঘর্ষে আহত ১১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গতকাল জয়ী ও পরাজিত দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। ছবি: ফোকাস বাংলা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গতকাল জয়ী ও পরাজিত দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। ছবি: ফোকাস বাংলা

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম দফার তুলনায় দ্বিতীয় দফায় নির্বাচনোত্তর সহিংসতার ঘটনা বেশি হয়েছে। গতকাল শুক্রবার আটটি জেলার ১৫টি ইউনিয়নে কমপক্ষে ১১০ জন আহত হয়েছেন। বিভিন্ন এলাকায় বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির সঙ্গে আওয়ামী লীগের সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।
ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নাটোর: লালপুর উপজেলার লালপুর ইউনিয়নে দুই ইউপি সদস্য প্রার্থী আবদুল হান্নান ও ইউসুফ আলীর সমর্থকদের মধ্যে গতকাল শুক্রবার সকালে সংঘর্ষের সময় দুটি গ্রামের অন্তত ২০টি বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে টাকা, ফসল, শিক্ষাসামগ্রী ও এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র। অগ্নিসংযোগের পাশাপাশি বাড়িঘরগুলোতে লুটপাট চালানো হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
গতকাল সকালে লালপুর-বিলমাড়িয়া সড়ক হয়ে বাকনাই গ্রামে ঢুকতেই প্রথম আলোর নাটোর প্রতিনিধি দেখতে পান আগুন ও ধোঁয়ার কুণ্ডলী। কাছে যেতেই দেখা গেল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যাওয়া দুটি বাড়ি। একটির বাসিন্দা ফজিলা বেগম ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। পুড়ে ছাই হয়ে যাওয়া ধ্বংসস্তূপের মধ্য থেকে কয়েকটি ৫০০ টাকার নোট কুড়িয়ে এনে ফজিলা বেগম বলেন, ‘ভিক্ষা করে ২০ হাজার টাকা জমায় ছিনু ধার শোধ করার জন্য। সব শেষ! আবার ধার না করলে বাড়িঘর করতে পারব না। খোলা আকাশের নিচে থাকতে হবি।’
এদিকে সকাল আটটার দিকে আবদুল হান্নানের দুই সমর্থককে কুপিয়ে জখম করেছেন আরেক প্রার্থী ইউসুফ আলীর সমর্থকেরা।
এ ছাড়া লালপুরের ওয়ালিয়া ইউনিয়নের ময়না গ্রামে গতকাল সকালে বিএনপি ও আওয়ামী লীগের নৌকার সমর্থকদের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। এ ছাড়া চংধুপইল ও এবি ইউনিয়নেও নির্বাচনী সহিংসতায় চারজন আহত হয়েছেন।

দেশীয় অস্ত্র হাতে মারমুখী এক প্রার্থীর সমর্থকেরা। অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা করতে উদ্যত আরেক সমর্থক l ছবি: ফোকাস বাংলা
দেশীয় অস্ত্র হাতে মারমুখী এক প্রার্থীর সমর্থকেরা। অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা করতে উদ্যত আরেক সমর্থক l ছবি: ফোকাস বাংলা

ব্রাহ্মণবাড়িয়া: আশুগঞ্জ উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত হয়েছেন ৫০ জনের বেশি নারী-পুরুষ। উপজেলার দুর্গাপুর গ্রামে বৃহস্পতিবার ও শুক্রবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ২২ মার্চ প্রথম ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুর্গাপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোয়াজ্জেম হোসেন মাজু মিয়ার সমর্থকদের ওপর হামলা করেন আওয়ামী লীগের প্রার্থী জিয়াউল করিম খানের সমর্থকেরা। ওই সংঘর্ষের জেরে গতকালও দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। দুই দিনের সহিংসতায় এই ইউনিয়নে ৫০ জনের বেশি লোক আহত হয়েছেন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নে গতকাল দুপুরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। স্থানীয় ব্যক্তিরা বলেন, বৃহস্পতিবার বীরগাঁও ইউপি চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান কবির আহমেদ জয়ী হন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ইউনিয়নের বাইশমোজা এলাকায় কবির আহমেদ ও তাঁর সমর্থকদের ওপর হেরে যাওয়া স্বতন্ত্র প্রার্থী কবির হোসেন ও তাঁর লোকজন হামলা চালান। এর জেরে উভয় পক্ষের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
অপর ঘটনায় নবীনগর উপজেলা সদরে বিজিবি সদস্যদের সঙ্গে বীরগাঁও ইউনিয়নের আওয়ামী লীগের পরাজিত চেয়ারম্যান প্রার্থী জহির রায়হানের কর্মী-সমর্থকের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে গতকাল দুপুরে।
স্থানীয় ব্যক্তিরা বলেন, বেলা দেড়টার দিকে বীরগাঁও ইউপি নির্বাচনের ভোট পুনরায় গণনার দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে নবীনগর উপজেলায় ইউএনও কার্যালয় ঘেরাও করেন জহির রায়হান ও তাঁর কর্মী-সমর্থকেরা। এ সময় তাঁদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনা ক্যামেরা ধারণ করার সময় এনটিভির ব্রাহ্মণবাড়িয়া আলোকচিত্রী রিয়াসাদ আজিমের ক্যামেরা ছিনিয়ে নিয়ে তাঁকে মারধর করেছেন বিজিবির সদস্যরা।
পাবনা: ফরিদপুর উপজেলার বিএলবাড়ি ইউনিয়নের রামনগর গ্রামে গতকাল শুক্রবার সকালে দুই ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। এঁদের মধ্যে ২২ জনকে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ব্যক্তিরা বলেন, দ্বিতীয় দফার নির্বাচনে বিএলবাড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্যপদে বকুল হোসেন নির্বাচিত হন। ফলাফল প্রকাশের পরও পরাজিত প্রার্থী হাসান আলীর সমর্থকেরা গতকাল সকালে জয়ী প্রার্থীর সমর্থকদের ওপর হামলা করেন। এ নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে। অবস্থার অবনতি হওয়া আহত তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ফরিদপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আটজনকে আটক করা হয়েছে।
ফরিদপুর: আলফাডাঙ্গার টগরবন্ধ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পরাজিত ইউপি সদস্য মো. মুরাদ হোসেনের সমর্থকেরা বৃহস্পতিবার রাতে শিকারপুর গ্রামের একটি পল্লিতে হামলা চালিয়ে কয়েকটি বাড়িঘর ভাঙচুর করেছেন। এ ঘটনায় ছয় নারীসহ সাতজন আহত হন।
শিকারপুর গ্রামের বাসিন্দা বিকাশ কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার নির্বাচনে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মো. মুরাদ হোসেন অপর প্রার্থী নুরু মিয়ার কাছে হেরে যায়। এর জেরে তাঁর সমর্থকেরা নুরু মিয়ার নির্বাচনী এজেন্ট তাপস বিশ্বাসকে মারধর করে এবং শিকারপুর গ্রামের একটি পল্লিতে হামলা চালিয়ে ভাঙচুর করেন।
আলফাডাঙ্গার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল খায়ের বলেন, শুক্রবার বিকেলে দুই পক্ষকে ডাকা হয়েছে। আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পঞ্চগড়: বোদা উপজেলার ঝলই শালশিরি ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্যপদে পরাজিত প্রার্থী শঙ্কর পদ দের সমর্থকেরা বিজয়ী প্রার্থী দাহিরউদ্দিনের সমর্থকদের ওপর হামলা চালায় গতকাল সকালে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হন।
নেত্রকোনা: আটপাড়ার দুওজ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পরাজিত ইউপি সদস্য প্রার্থী হারু মিয়ার সমর্থকেরা বৃহস্পতিবার রাতে ইউনিয়নের গোপালপুর গ্রামে বাসিন্দা ও মহেশ্বরখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক করুণা কেতন মিত্রকে (৮০) মারধর করে।
অন্য ঘটনায়, একই উপজেলার তেলিগাতি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বিজয়ী ইউপি সদস্য প্রার্থী ফিরোজ মিয়ার সমর্থকেরা পরাজিত ইউপি সদস্য প্রার্থী বিকাশ শর্মার দুই ভাতিজাকে গতকাল পিটিয়ে আহত করেছেন।
শেরপুর: শেরপুরের নকলায় নির্বাচনোত্তর সহিংসতায় পরাজিত চেয়ারম্যান প্রার্থী নূরে আলম তালুকদারের সমর্থকদের আটটি বাড়ি ও দোকানপাট ভাঙচুর করা হয়েছে বৃহস্পতিবার রাতে নির্বাচনী ফলাফল ঘোষণার পর। নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী রেজাউলে হকের সমর্থকদের এই হামলার জন্য দায়ী করেছেন নূরে আলম তালুকদার।
কেরানীগঞ্জ: কেরানীগঞ্জ উপজেলার হযরতপুর ইউনিয়নে মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে সন্ত্রাসীদের গুলিতে নিহত শুভ কাজীর দাফন সম্পন্ন হয়েছে। শুভ কাজী খুনের ঘটনায় তাঁর চাচা সালাল কাজী বাদী হয়ে বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেছেন। এতে অজ্ঞাতনামা ২০ থেকে ২২ জন ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
মানিকগঞ্জ: গতকাল দুপুরে দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নে নির্বাচন-পরবর্তী সহিংসতায় আওয়ামী লীগের পরাজিত প্রার্থী আবদুর রশিদের সমর্থকদের ওপর হামলা চালান নির্বাচনে জয়ী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল লতিফের সমর্থকেরা।