ভোমরা থেকে অপহৃত ব্যবসায়ী শার্শায় উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা স্থলবন্দর এলাকা থেকে অপহরণের এক দিন পর যশোরের শার্শা উপজেলার কাজিরবেড় গ্রাম থেকে গত মঙ্গলবার মাছ ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে একজন পুলিশ সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
উদ্ধার হওয়া ব্যক্তির নাম আবদুস সেলিম (৩৭)। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার জাফরপুর গ্রামের বাসিন্দা। তিনি কিছুদিন ধরে সাতক্ষীরা শহরের নিউমার্কেটের পেছনে একটি ভাড়া বাড়িতে বাস করছিলেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কালিগঞ্জের বাতুয়াডাঙ্গা গ্রামের বেল্লাল হোসেন (৪১), শার্শার কাজিরবেড় গ্রামের রবিউল ইসলাম (২২), যাদবপুর গ্রামের হাফিজুর রহমান (৩২) ও সাতক্ষীরা শহরের দক্ষিণ পলাশপোল গ্রামের তুহিন হোসেন (৩৫)। বেল্লাল খাগড়াছড়িতে পুলিশের মোটরযান বিভাগের চালক।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাছছের হোসেন বলেন, গত সোমবার বেলা ১১টার দিকে ভোমরা বন্দর এলাকা থেকে চিংড়িঘের ব্যবসায়ী আবদুস সেলিমকে একটি ব্যক্তিগত গাড়িতে করে অপহরণ করা হয়। অপহরণকারীরা তাঁর স্বজনের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। সেলিমের স্ত্রী উম্মেআম্মরার মামলার ভিত্তিতে সহকারী পুলিশ সুপার আমীর খসরুর তত্ত্বাবধানে গোয়েন্দা বিভাগের (ডিবি) পরিদর্শক ইনামুল হকের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মঙ্গলবার রাত ১০টার দিকে শার্শার কাজিরবেড় গ্রামে অভিযান চালায়। সেখানে গাজী সহিদুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়ি থেকে সেলিমকে উদ্ধার করা হয়। ওই এলাকায় অভিযান চালিয়ে অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়। গাজী সহিদুল ইসলাম গ্রেপ্তার হওয়া পুলিশ সদস্য বেল্লাল হোসেনের শ্বশুর। মুক্তিপণ হিসেবে দাবি করা টাকার মধ্যে বিভিন্ন সময়ে সেলিমের পরিবার বিকাশের মাধ্যমে অপহরণকারীদের কাছে ১ লাখ ৫০ হাজার টাকা পাঠায়। এর মধ্যে ১ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।