ভোলা ও খুলনায় অজ্ঞান পার্টির খপ্পরে ৩১ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার লালমোহন পৌরসভায় চেতনানাশক দ্রব্য খেয়ে গত মঙ্গলবার রাতে একটি বাড়ির ২৫ জন অসুস্থ হয়ে পড়েন। একইভাবে একই রাতে খুলনার ডুমুরিয়া উপজেলায় একটি বাড়ির ছয়জনকে অচেতন করে দেড় লাখ টাকার মালামাল লুট করেছে অজ্ঞান পার্টির সদস্যরা। ৩১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হেলাল উদ্দিন বলেন, তাঁর ভগ্নিপতি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হারুন অর রশিদ ফরাজি। ওই বাড়ির ভাড়াটিয়া মো. দুলালের বাবা গত সোমবার মারা যান। এতে ওই বাড়িতে অনেক আত্মীয়স্বজনের সমাগম হয়। বাড়ির সবাই মঙ্গলবার রাতে হারুনের বাসায় রাতের খাবার খান। খাওয়ার পরই ২৫ জন অচেতন হয়ে পড়েন। হারুন তখনো খাবার না খাওয়ায় তিনি বিষয়টি ধরতে পারেন। সঙ্গে সঙ্গে অসুস্থ ব্যক্তিদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে ডুমুরিয়া উপজেলার চিত্রামারী গ্রামে খাবার খেয়ে অচেতন হয়েছেন গ্রামের পোলট্রি ব্যবসায়ী অমল কুমার মণ্ডল (৪৫), তাঁর স্ত্রী কনিকা মণ্ডল (৩৫), মেয়ে রত্না মণ্ডল (১৭) এবং নিরঞ্জন কুমার মণ্ডল (৩৬), তাঁর স্ত্রী বাসন্তী মণ্ডল (২৫) ও নিরঞ্জনের আট বছর বয়সী এক মেয়ে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মঙ্গলবার রাতে তিন ব্যক্তি অমলের বাড়ি এসে বিপদে পড়েছে বলে আশ্রয় নেন। আলাপচারিতায় একপর্যায়ে তাঁরা নিজেদের কবিরাজ দাবি করেন। অমল তাঁর মেয়ের শ্বশুরবাড়ির ঝামেলা মিটিয়ে দিতে তদবির নেওয়ার কথা বলেন। এ সময় ওই ব্যক্তিদের দেওয়া কথিত তদবির খাবারের সঙ্গে মিশিয়ে খান। খাওয়ার কিছুক্ষণ পর বাড়ির সবাই অচেতন হয়ে পড়েন।