ভোলা খালে দখল, দূষণ চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দখল ও দূষণে বিপর্যস্ত হয়ে পড়েছে ভোলা খাল। পণ্যবোঝাই কার্গো-জাহাজ আসা-যাওয়া করতে পারছে না। খালের পানি পচে শহরে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) গত বছরের মে মাসে খালটির সীমানা নির্ধারণ করে দখল-দূষণমুক্ত ও খনন করার দাবিতে উচ্চ আদালতে রিট করেছে।
গত রোববার সরেজমিনে দেখা যায়, মূল খালের দুই পাশ দখল হওয়ায় প্রস্থ কমেছে। খালে ভোলা বাজারের কসাইখানার গোবর, কাঁচাবাজারের আবর্জনা, হাসপাতাল ও ক্লিনিকের বর্জ্য, ইট-মাটির জিনিসপত্র এবং রেস্তোরাঁর আবর্জনা, চাতালের ছাই ফেলা হচ্ছে। ব্যবসায়ীরা একদিকে পাইপের মাধ্যমে খালের মধ্য দিয়ে টেনে বালু নিচ্ছে। অনেক সময় ওই পাইপের ছিদ্র দিয়ে খালে বালু পড়ছে। পৌরসভার শতাধিক নালা এবং অনেকগুলো শৌচাগারের সংযোগ খালে দেওয়া আছে। এতে চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। তারপরও এর পানি রেস্তোরাঁ ও বাসাবাড়িতে ব্যবহার করতে দেখা যাচ্ছে।
উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা যায়, খালটির দৈর্ঘ্য প্রায় ১২ কিলোমিটার। এটি মেঘনা থেকে শিবপুর, রতনপুর, ভোলা পৌরসভার চরজংলা, বাপ্তা, চরনাপ্তা, চরনোয়াবাদ, সদুরচর ও পূর্বচরকালী মৌজা হয়ে খেয়াঘাট নদে মিশেছে। জেলা প্রশাসকের নির্দেশে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অবৈধ দখলদারের একটি তালিকা করেন। তখন ২৫৫ জন দখলদার খালের দুই পাড় দখল করেছে বলে জানা যায়। সেই সংখ্যা এখন আরও বেড়েছে।
ভোলা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক মো. শাজাহানের অভিযোগ, বেলার রিট, বিবাদীদের কারণ দর্শানোর নোটিশ ও দখলদারের তালিকা হলেও দখলমুক্ত এবং খাল খননের ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ।
এদিকে শীতের মৌসুমে খালের পানি কমে যাওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। জেলা মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি মো. বাবুল বলেন, ভোলা খালকে কেন্দ্র করে গড়ে উঠেছে ভোলা জেলার ব্যবসা-বাণিজ্য। কার্গো ও নৌকা বোঝাই করে ব্যবসায়ীরা পণ্য এই খাল দিয়ে আনা-নেওয়া করেন। খালে পানি না থাকায় প্রতি বস্তা পণ্যে বাড়তি ৬০ থেকে ৭০ টাকা খরচ হচ্ছে। কয়েকজন চাল ব্যবসায়ী বলেন, যশোর, নোয়াপাড়া, পাবনা, ঢাকা ও চরফ্যাশন, ল্যাতরা-আইচা থেকে চালভর্তি কার্গো ভোলা খালের মুখে আসতে সর্বোচ্চ দুই দিন সময় লাগে। আর ভোলা খাল দিয়ে আড়তের সামনে আসতে সাত দিন সময় লাগে।
সদর ইউএনও কাজী তোফায়েল হোসেন বলেন, কারণ দর্শানোর নোটিশে তাঁরা জানিয়েছেন, ভোলা খাল ভোলা পৌরসভার রেকর্ডিও সম্পত্তি। দখলমুক্ত করা ও নাব্যতা ফিরিয়ে আনার দায়িত্ব তাঁদের।
জেলা প্রশাসক সেলিম রেজা রোববার দুপুরে বলেন, এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিমকে চিঠি দেওয়া হচ্ছে।