ভোলা বিজেপির সম্পাদককে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করেছেন দলের চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। দলীয় প্যাডে গত ২৪ জানুয়ারি স্বাক্ষরিত চিঠিটি ২ ফেব্রুয়ারি পাওয়া গেছে।
প্রবীণ রাজনীতিবিদ আনোয়ার হোসেনের দাবি, গত ১০ জানুয়ারি বিজেপির সাংগঠনিক ও নিজের শারীরিক দুর্বলতার কারণ দেখিয়ে তিনি নিজেই পদত্যাগপত্র জমা দিয়েছেন।
বিজেপির চেয়ারম্যান বহিষ্কারাদেশে উল্লেখ করেন, ভোলা পৌরসভা নির্বাচনে আনোয়ার হোসেন আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন এবং আওয়ামী লীগের প্রার্থীর প্রচারণার মঞ্চে বক্তব্য দেন। যা দলের নীতিবহির্ভূত। তাই বিজেপির গঠনতন্ত্রের ৩৫ ধারার ৫ নম্বর অনুচ্ছেদের আলোকে জেলা কমিটির সাধারণ সম্পাদক পদ থেকে আনোয়ার হোসেনকে অব্যাহতি এবং দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।
তবে আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, সারা বাংলাদেশে ৫২টি জেলায় বিজেপির কমিটি ছিল। কমতে কমতে ভোলার একটি কমিটিতে এসে ঠেকেছে। জেলার সাতটি উপজেলার মধ্যে শুধু সদর উপজেলায় নামসর্বস্ব কমিটি আছে। তা-ও ইউনিয়ন শাখায় কমিটি নেই। দল চলছে এক চেয়ারম্যানের কথায়। বাকি কেউ নেই। দলে নেতাও নেই, কোনো কার্যক্রমও নেই। এ দলে কাজ করা না-করা সমান কথা।