ভোলা শহরে জোরপূর্বক জমি দখল
ভোলা শহরের ওয়েস্টার্ন পাড়ায় ছয় ভাইয়ের মালিকানাধীন পাঁচ শতাংশ জমি গতকাল রোববার দুপুরে জোরপূর্বক দখলে নিয়েছেন জহিরুল ইসলাম নামের এক ব্যক্তি। ওই জমির মালিকানা নিয়ে পাঁচ বছর ধরে আদালতে মামলা চলছে।
ওই ছয় ভাইয়ের একজন কার্তিকচন্দ্র সাহা বলেন, তাঁর বাপ-চাচাদের এক একর জমিতে ঘর তুলে তাঁরা কয়েক দশক বসবাস করছেন। বাবার মৃত্যুর পরে ছয় নম্বর ভাই অনুপকুমার সাহা জাল দলিল করে ১৮ শতাংশ জমির মালিকানা দাবি করেন। ওই জাল দলিলের বিরুদ্ধে ২০০০ সালে তাঁদের ছয় ভাইয়ের পক্ষে কার্তিকচন্দ্র সাহা মামলা করেন। কিন্তু অনুপকুমার এর মধ্যে গোপনে ওই জমি বিক্রি করেন বলে অভিযোগ আছে। সর্বশেষ তিনি মো. সেলিম নামের এক কুয়েতপ্রবাসীর কাছে পাঁচ শতাংশ জমি ১৮ লাখ টাকায় বিক্রি করেন। সেলিমের প্রতিনিধি জহিরুল ইসলাম ২০-২৫ জন লোক নিয়ে গতকাল ওই জমি দখল করেন।
ভোলা থানার ওসি মোবাশ্বের আলী বলেন, পুলিশ দখল-প্রক্রিয়া বন্ধ করেছে।
জমির কথিত ক্রেতা মো. সেলিমের পক্ষে জহিরুল ইসলাম বলেন, তাঁর খালু সেলিম জমি কেনার পরে জানতে পারেন জমি নিয়ে আদালতে মামলা চলছে। বাধ্য হয়ে লোকজন নিয়ে তিনি জমির দখল বুঝে নিয়েছেন।