যে পিস্তল দিয়ে পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমকে হত্যা করা হয়, সেই পিস্তলটি এহতেশামুল হক ওরফে ভোলার। পিস্তলটি ব্যবহারের জন্য কামরুল শিকদার ওরফে মুছাকে দিয়েছিলেন তিনি। রিমান্ডে ভোলাকে জিজ্ঞাসাবাদ করে এ তথ্য জানতে পেরেছে পুলিশ। তবে কার নির্দেশে মুছাকে অস্ত্র দিয়েছিলেন ভোলা—জিজ্ঞাসাবাদে এ-সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেছে কি না, তা জানাতে চায়নি পুলিশ।
এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর প্রথম আলোকে বলেন, তিন দিনের রিমান্ডে ভোলার কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে এখনই তা প্রকাশ করতে চান না তাঁরা।
মাহমুদা হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের ঘটনায় বাকলিয়া থানায় পৃথক আরেকটি অস্ত্র মামলা করে পুলিশ। এ মামলায় ভোলাকে গত বৃহস্পতিবার বিকেল থেকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। আজ রোববার তাঁকে এ মামলায় আদালতে হাজির করা হবে।
গত ২৭ জুন রাতে বাকলিয়া এলাকা থেকে ভোলাকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মনির হোসেনকে পরদিন ভোরে গ্রেপ্তার করা হয়। মনিরের কাছ থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও ছয়টি গুলি উদ্ধার করা হয়। এর মধ্যে পিস্তলটি মাহমুদা হত্যায় ব্যবহৃত হয়েছে। হত্যার আগে মুছাসহ (মাহমুদা হত্যার পরিকল্পনাকারী) অন্য আসামিরা অস্ত্রগুলো ভোলার কাছ থেকে সংগ্রহ করেন। হত্যাকাণ্ড শেষে অস্ত্র আবার ভোলাকে ফিরিয়ে দেওয়া হয় বলে জানায় পুলিশ। পরে ভোলা এগুলো মনিরের কাছে জমা রাখেন। বৃহস্পতিবার আদালতে দেওয়া জবানবন্দিতে মনির এ কথা স্বীকার করেন।
এদিকে মাহমুদা হত্যা মামলায় গ্রেপ্তার আবু নছর ওরফে গুন্নুর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল শনিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর শুনানি শেষে এ আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, কারাগারে আটক আবু নছর এ ঘটনায় জড়িত নন দাবি করে তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।
গত ৫ জুন নগরের জিইসি মোড় এলাকায় ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে গুলি ও ছুরিকাঘাতে নিহত হন এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম। এ ঘটনায় তিনি বাদী হয়ে অজ্ঞাতপরিচয় তিনজনের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করেন।
হাটহাজারী থেকে আবু নছর ওরফে গুন্নুকে গত ৮ জুন জড়িত সন্দেহে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। পরে গুন্নুর স্ত্রী পারভীন আক্তার সংবাদ সম্মেলনে দাবি করেন, ৩০ লাখ টাকা নিয়ে পুলিশ ষড়যন্ত্রমূলকভাবে তাঁর স্বামীকে এ মামলায় জড়িয়েছে। তাঁর স্বামী হাটহাজারীর একটি মাজারের খাদেম।
হত্যাকাণ্ডের ২১ দিন পর ২৬ জুন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার সংবাদ ব্রিফিংয়ে বলেন, মুছার নেতৃত্বে মাহমুদা হত্যাকাণ্ড ঘটে। এতে সাত-আটজন অংশ নেন। গ্রেপ্তার গুন্নু ও রবিন এ ঘটনায় জড়িত থাকার কোনো তথ্য পাওয়া যায়নি।
তিন আসামির রিমান্ড শুনানি আজ: মাহমুদা হত্যা মামলায় গ্রেপ্তার মুছার ভাই সাইদুল শিকদার ওরফে সাকু, অস্ত্র সরবরাহকারী ভোলা ও হত্যাকাণ্ডে অংশ নেওয়া মো. শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করতে ঈদের আগে ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হয়। আদালত ১৭ জুলাই (আজ) রিমান্ড শুনানির দিন ধার্য রাখেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান বলেন, রিমান্ড মঞ্জুর হলে জিজ্ঞাসাবাদে আসামিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।