ভোলাগঞ্জে কলেজছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে ছোটন মিয়া নামের এক কলেজছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে, কোয়ারিতে ‘বোমা মেশিন’ (পাথর উত্তোলনের অবৈধ যন্ত্র) বসিয়ে ভাড়া আদায়ের বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। তবে পুলিশ তাঁদের নাম প্রকাশ করেনি।
নিহত ছোটন মিয়ার (২০) বাড়ি ভোলাগঞ্জ গ্রামে। তিনি সিলেট এমসি কলেজের দর্শন বিভাগের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোলাগঞ্জ পাথর কোয়ারি এলাকার মধ্যে ব্যক্তিমালিকানাধীন কিছু জমিতে বোমা মেশিন বসানোর জন্য ভাড়া দেওয়া হয়। এর মধ্যে কোয়ারির কিছু খাস জায়গা কলাবাড়ি এলাকার কয়েকজন পাথর ব্যবসায়ীর দখলে ছিল। সম্প্রতি এ জায়গায় বোমা মেশিন বসিয়ে ভাড়া আদায় করছিল ভোলাগঞ্জ গ্রামের একটি পক্ষ। গতকাল সকাল আটটার দিকে ওই জায়গার দখল নিয়ে বোমা মেশিনের ভাড়া আদায় করাকে কেন্দ্র করে কলাবাড়ি ও ভোলাগঞ্জ গ্রামের দুই পক্ষে সংঘর্ষ হয়। এ সময় অন্তত পাঁচজন আহত হন।
এ ঘটনার প্রায় এক ঘণ্টা পর ছোটন মিয়া ঘটনাস্থলে গেলে পাথর কোয়ারিতে অবস্থান করা একদল লোক লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করে। তাঁকে বেধড়ক পিটিয়ে হত্যা করে। লাশ কোয়ারিতেই ফেলে রাখে। পরে স্বজনেরা গিয়ে লাশ উদ্ধার করে এবং পুলিশে খবর দেয়।
ছোটনের বাবা হাজি সমর আলী বলেন, তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাঁর দাবি, ছোটন পাথর ব্যবসা বা কোয়ারি এলাকার কোনো বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না। সংঘর্ষের পর পাথর কোয়ারি এলাকার পরিস্থিতি দেখতে সেখানে গিয়েছিলেন।
এ বিষয়ে গতকাল রাত আটটার দিকে মুঠোফোনে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, দুই পক্ষের সংঘর্ষের জেরে ছোটনকে হত্যা করা হয়। এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। পাশাপাশি হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।