ভোলার ইলিশা ফেরিঘাটে আ.লীগকর্মীদের চাঁদাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-লক্ষ্মীপুর নৌপথের ইলিশা ফেরিঘাটে শ্রমিক ইউনিয়নের নামে চাঁদাবাজি করছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। কর্তব্যরত পুলিশ সদস্যদের সামনেই তাঁরা যানবাহনপ্রতি ৫০ টাকা থেকে এক হাজার ১০০ টাকা করে চাঁদা আদায় করছেন।
এ ব্যাপারে চাঁদাবাজ চক্রের প্রধান ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের প্রচার সম্পাদক মো. কামাল বলেন, ‘আমরা শ্রমিক ইউনিয়নের জন্য ২০ টাকা করে চাঁদা তুলছি। অন্য কিছু নয়। আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়ানো হচ্ছে।’
জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি রিপন হাওলাদার বলেন, ২০০৭ সালে ফেরি উদ্বোধনের পরে ভোলা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য কামাল, বেলাল, জাহাঙ্গীর, কালাম ও নূরনবীকে দিয়ে ১০ থেকে ২০ টাকা করে চাঁদা তোলা হতো। সংগঠনের নীতিমালা লঙ্ঘন করায় ইউনিয়ন থেকে তাঁদের বহিষ্কার করা হয়েছে। ছয়-সাত বছর তাঁরা ট্রাক শ্রমিক ইউনিয়নের কোনো সদস্য নন; তবু কামাল-বেলাল গং ইলিশা ফেরিঘাটে বাস, ট্রাক, ছোট যানবাহন, বিশেষ করে কাঁচামালের ট্রাকগুলো থেকে মোটা অঙ্কের চাঁদাবাজি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন যানবাহনের একাধিক চালক এবং ব্যবসায়ীর ভাষ্য, রাজাপুর ইউনিয়নের ইলিশা ফেরিঘাটে আওয়ামী লীগের নেতা কামাল, কর্মী বেলাল, জাহাঙ্গীর, কালাম ও নূরনবী গরু-ইলিশ-শসা-তরমুজবাহী ট্রাক থেকে এক হাজার ১০০ টাকা, দূরপাল্লার ট্রাক থেকে ২০০ টাকা, যাত্রীবাহী বাস থেকে ১০০ টাকা ও ছোট যানবাহন থেকে ৫০ টাকা করে চাঁদা তুলছেন। এ জন্য তাঁরা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের একটি ২০ টাকার রসিদ ধরিয়ে দিচ্ছেন। রসিদে শ্রমিক ইউনিয়নের সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষসহ কারোর স্বাক্ষর নেই।
ট্রাকচালক ও পরিবহনশ্রমিকেরা বলেন, ফেরি কর্তৃপক্ষ ঈদের পর থেকে যাত্রী ও চালকদের সুবিধার্থে সন্ধ্যার পর ও ভোররাতে দুটি বাড়তি ফেরি দিয়েছে। ওপরের ওই চাঁদা ছাড়াও কামাল, বেলাল ও তাঁদের সঙ্গীরা চালক ও পণ্যের মালিকদের কাছ থেকে ‘অতিরিক্ত ফেরির বকশিশ’-এর নামে যানবাহনপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা বাড়তি চাঁদা আদায় করছেন।
রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান মিয়া স্বীকার করেন, কামাল ও বেলাল আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত। তবে ফেরিঘাটে চাঁদাবাজির বিষয়টি তিনি জানেন না বলে দাবি করেন। ইলিশা ফেরিঘাটের ব্যবস্থাপক আবু আলম হাওলাদার বলেন, ‘দীর্ঘদিন ধরে কামাল-বেলাল গং চাঁদাবাজি করছে। এ ব্যাপারে ইলিশা পুলিশ তদন্তকেন্দ্রকে বারবার জানিয়েও কোনো ফল পাচ্ছি না।’
ইলিশা পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক বরকত হোসেন দাবি করেন, ‘চাঁদাবাজদের ধরার ব্যাপারে আমরা বদ্ধপরিকর। এর সঙ্গে ফেরির স্টাফরাও জড়িত। তারা আমাদের সহায়তা করছে না।’