ভোলার দুই উপজেলায় ২৫ মণ জাটকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার ১৯০ কিলোমিটার জলসীমাকে মাছের অভয়াশ্রম ঘোষণা দিয়ে গত সোমবার রাত ১২টা থেকে অভিযান শুরু হয়েছে। এরই মধ্যে মেঘনা-তেঁতুলিয়া ও সাগর মোহনায় গোপনে জেলেরা মাছ শিকার করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকালে ভোলা সদর উপজেলার তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে প্রায় ২৫ মণ জাটকা জব্দ করে পুলিশ।
ভোলা জেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, নভেম্বর থেকে জুন পর্যন্ত জাটকা সংরক্ষণ মৌসুম। এ সময় ১০ ইঞ্চির কম দৈর্ঘ্যের ইলিশ ধরা অবৈধ। এর মধ্যে দুই মাস (মার্চ-এপ্রিল) তেঁতুলিয়া, মেঘনা, ইলিশা নদী ও সাগর মোহনায় সব ধরনের জাল ফেলা নিষিদ্ধ। এ দুই মাস মাছ শিকার, ক্রয়-বিক্রয়, মজুত-পরিবহন নিষিদ্ধ। এ সময় বেকার জেলেদের জন্য চাল ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
সরেজমিনে দেখা গেছে, জাল ফেলা নিষিদ্ধ হলেও জেলেরা ঠিকই নদীতে মাছ ধরতে নেমেছেন। এই মাছ গোপনে গ্রামের হাটে ও বাড়িতে বিক্রি করা হচ্ছে। মেঘনা-তেঁতুলিয়ায় শত শত অবৈধ জাল পাতা আছে।
জানতে চাইলে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ হালদার প্রথম আলোকে বলেন, পুলিশ সকালে তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে প্রায় ২৫ মণ জাটকা জব্দ করে। পরে তা গরিবদের মাঝে বিতরণ করা হয়। জব্দ করা এসব জাটকার দৈর্ঘ্য এক-দেড় ইঞ্চি। এই জাটকা গোপনে ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি করা হতো।
এদিকে ভোলা সদর তেঁতুলিয়া ও তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে পৃথক অভিযান চালানো হলেও অন্য পাঁচটি উপজেলায় কোনো অভিযান হয়নি। তবে এই সময়ে নদীতে মাছ ধরা বন্ধে দৌলতখান, বোরহানউদ্দিন, মনপুরা, চরফ্যাশন ও লালমোহন উপজেলায় সচেতনতা সভা ও মাইকিং করা হয়েছে। মৎস্য কর্মকর্তারা বলেছেন, আজ বুধবার থেকে টানা ১৫ দিন বিশেষ অভিযান চলবে।