পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমকে যে গুলি দিয়ে হত্যা করা হয়েছে, সেই গুলিটি এহতেশামুল হক ওরফে ভোলার কাছ থেকে উদ্ধার করা পিস্তলের। হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে সংগ্রহ করা গুলির খোসা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) চট্টগ্রাম ফরেনসিক ল্যাবে পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সিআইডির ব্যালাস্টিক বিশেষজ্ঞ আবদুর রহিম এ-সংক্রান্ত প্রতিবেদন গত বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তার কাছে জমা দেন।
মাহমুদা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান গতকাল তাঁর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, ভোলাকে গ্রেপ্তারের পর তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গত ২৭ জুন বাকলিয়া এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করা গুলির খোসা ও ভোলার কাছ থেকে উদ্ধার করা অস্ত্রের ব্যালাস্টিক পরীক্ষার জন্য সিআইডিতে পাঠানো হয়। পরীক্ষা শেষে ব্যালাস্টিক বিশেষজ্ঞ আবদুর রহিম তাঁর প্রতিবেদনে উল্লেখ করেন, ভোলার কাছ থেকে উদ্ধার করা পিস্তল দিয়েই মাহমুদাকে হত্যা করা হয়।
তদন্ত কর্মকর্তা কামরুজ্জামান আরও বলেন, ভোলাকে এই মামলায় প্রথম দফায় রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি এ বিষয়টি এড়িয়ে যান। তাঁকে দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করতে আজ সোমবার কারাগার থেকে আনা হবে।
গত ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় মাহমুদা খানমকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় বাবুল আক্তার পাঁচলাইশ থানায় মামলা করেছেন। হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামি ওয়াসিম ও আনোয়ার গত ২৬ জুন আদালতে জবানবন্দি দেন। তাঁরা বলেন, মুছার নেতৃত্বে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। কিন্তু মুছা কার নির্দেশে ও কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন, সে ব্যাপারে তাঁরা কোনো তথ্য দেননি। জবানবন্দিতে বলা হয়, হত্যাকাণ্ডে তাঁরা (ওয়াসিম ও আনোয়ার) এবং মো. রাশেদ, নবী, মো. শাহজাহান, কামরুল সিকদার ওরফে মুছা ও মো. কালু অংশ নেন। তাঁদের মধ্যে নবী ও রাশেদ গত ৪ জুলাই রাতে রাঙ্গুনিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলে ছিলেন ওয়াসিম, মুছা ও নবী। মাহমুদাকে ছুরিকাঘাত করেন নবী। অস্ত্র সরবরাহ করেন ভোলা।