ভোলার মনপুরা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা আলাউদ্দিন হাওলাদারকে গতকাল মঙ্গলবার গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে।

পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় চেয়ারম্যান আলাউদ্দিনকে গতকাল সকাল সাড়ে নয়টায় ভোলা শহরের স্টেডিয়াম সড়ক থেকে গ্রেপ্তার করা হয়।

উপজেলার হাজিরহাট বাজারে গত বুধবার পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৩০ ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়াসহ অন্তত ৪০ জন আহত হন।

জানতে চাইলে পুলিশ সুপার মো. মোকতার হোসেন প্রথম আলোকে বলেন, বুধবার পুলিশের ওপর ওই হামলার ঘটনায় করা মামলায় চেয়ারম্যান আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, আলাউদ্দিনের বিরুদ্ধে জমি দখল, প্রতারণা, নারী নির্যাতন, জলদস্যুতাসহ কয়েকটি মামলা রয়েছে।

চেয়ারম্যান আলাউদ্দিনের বিরুদ্ধে সরকারি ও কয়েক শ হিন্দু পরিবারের অন্তত সাত হাজার একর জমি দখল ও বিক্রির অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাজধানীতে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা তাঁর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন।

মনপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মাহবুবুল ইসলামসহ একাধিক ভুক্তভোগী বলেন, আলাউদ্দিন হাওলাদার ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিএনপি করতেন। তিনি ছিলেন উপজেলা যুবদলের সহসভাপতি। তিনি ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে এই দলে যোগ দেন। পরে মনপুরা ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হন। কলাতলি চরে বন বিভাগের গাছ কেটে জমি দখল করেন। সেই জমি ভূমিহীনদের কাছে বিনা দলিলে বিক্রি শুরু করেন। আলাউদ্দিন প্রায় সাত হাজার একর জমি দখল ও বিক্রি করেছেন। এর মধ্যে ১ হাজার ৭৫০ একর জমি ভবেশ মজুমদার, শংকর বিজয় মজুমদারসহ ৫০০ হিন্দু পরিবারের।

বন বিভাগের একটি সূত্রে জানা গেছে, আলাউদ্দিনের বিরুদ্ধে গাছ বিক্রি ও বন্য প্রাণী শিকারের মামলা রয়েছে। এসব মামলায় তিনি জামিনে আছেন।

জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অবিনাশ নন্দী ও উপজেলার আহ্বায়ক ভবেশ মজুমদার বলেন, মনপুরা ইউনিয়নের কলাতলি ও মাছগ্রাম মৌজার ১ হাজার ৭৫০ একর জমি হিন্দুদের। ৫০০ হিন্দু পরিবারের ভোগদখলে থাকা এই জমি চেয়ারম্যান আলাউদ্দিন দখল করে অন্যের কাছে বিক্রি করেন।

ইউপি চেয়ারম্যানকে জেলহাজতে পাঠানোয় এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।