ভোলায় অপহরণের চার দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কালিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র কামরুল ইসলামের লাশ অপহরণের চার দিন পর উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সাতটার সময় বাড়ির পাশে পাটোয়ারীর মাছের ঘের থেকে লাশটি উদ্ধার করা হয়।
কামরুল ইসলাম উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আজিবল ব্যাপারী বাড়ির মো. জাহাঙ্গীর হোসেনের একমাত্র ছেলে। অপহরণকারীরা জাহাঙ্গীরের কাছে ১০ লাখ টাকা মুক্তিপন দাবি করেছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় অপহরণের পরদিন গত শনিবার থানায় জিডি ও গতকাল জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে চারজনকে আসামি করে বোরহানউদ্দিন থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ ও কামরুলের স্বজনদের ভাষ্য, কামরুল ইসলাম গত ৩১ অক্টোবর সন্ধ্যা সাতটার দিকে মসজিদে নামাজ পড়ার কথা বলে বের হয়। এর আগে কামরুলের মায়ের মুঠোফোনে কল আসে। ধারণা করা হচ্ছে, কামরুল ওই কল পেয়ে বের হয়েছে। কামরুলের পরিবার তাকে রাত ১০টা পর্যন্ত খুঁজে পায়নি। রাত সাড়ে ১১টার দিকে কামরুলের বাবা জাহাঙ্গীরের মুঠোফোনে ০১৬২৫১৪৭৩৩৫ নম্বর থেকে কল আসে। এ সময় অপহরণকারীরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। আর ওই টাকা না পেলে তাঁর ছেলেকে মেরে ফেলার হুমকিও দেয়।
জাহাঙ্গীর জানান, টাকা দাবি করার পরে অপহরণকারীরা তাঁদের মুঠোফোনটি বন্ধ করে দিয়েছে। শনিবার সকালে তিনি বোরহানউদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতনকৃষ্ণ রায়চৌধুরী ও মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ বলেন, বুধবার রাতে কাচিয়া ইউনিয়নের পাটওয়ারীদের ঘেরের পাশে কচুরিপানার ডোবা থেকে কামরুলের লাশ উদ্ধার হয়েছে। মামলার সঠিক তদন্ত ও আসামিদের আটক করার জন্য এজাহারভুক্ত আসামিদের নাম প্রকাশ করা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সরকারি হাসপাতালে পাঠানো হচ্ছে।