ভোলা-বরিশাল নৌপথে নিষেধাজ্ঞা অমান্য করে দুই শতাধিক স্পিডবোট চলাচল করছে। এসব স্পিডবোটে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছে। গত শুক্রবার অতিরিক্ত ভাড়াও আদায় করা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ-নিরাপত্তা বিভাগের ভোলার পরিদর্শক নাসিম আহমেদ প্রথম আলোকে বলেন, সমুদ্র আইনে ভোলা-বরিশাল নৌপথকে মৌসুমি অশান্ত নৌপথ (ডেনজার জোন) ঘোষণা করে ১৫ মার্চ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত যাত্রীবাহী স্পিডবোট, ট্রলার, ছোট নৌযান চলাচল বন্ধ করা হয়েছে। এ সময় বে-ক্রসিং (সাগরে চলাচলের উপযোগী) সনদধারী ছাড়া অন্য সব নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।
কিন্তু শুক্রবার অবাধে স্পিডবোট চলাচল করতে দেখা গেছে। অন্য সময় ভোলার ভেদুরিয়া-বরিশাল লাহারহাট নৌপথে ১২০ টাকা এবং ভেদুরিয়া-বরিশাল পথে ২৫০ টাকা ভাড়া আদায় করা হয়। যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।
সরেজমিনে সদর উপজেলার ভেদুরিয়া লঞ্চঘাট থেকে বরিশাল লাহারহাট ও বরিশাল শহরের উদ্দেশে শতাধিক স্পিডবোট ও কয়েকটি ট্রলার ছেড়ে যেতে দেখা গেছে। এসব স্পিডবোট পুরোনো, ফাটা ও জোড়াতালি দেওয়া। এগুলোর কোনো কোনোটিতে পর্যাপ্ত লাইফ জ্যাকেট নেই। অনেক সময় পানি ওঠে। একটি স্পিডবোটে ৮ জনের জায়গায় ১২ থেকে ১৫ জন করে যাত্রী তোলা হচ্ছে।
বরিশালগামী একাধিক যাত্রী অভিযোগ করে বলেন, শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে ভোলা থেকে কয়েক হাজার পরীক্ষার্থী বরিশাল যান। তা ছাড়া ঈদ সামনে রেখে লোকজন বাড়ি ফিরতে শুরু করেছে। এই সুযোগ নিচ্ছেন স্পিডবোটের চালকেরা। তাঁরা ১২০ টাকার পরিবর্তে ১৫০-২০০ টাকা আদায় করছেন এবং ২৫০ টাকার ভাড়া আদায় করেছেন ৩৫০-৪০০ টাকা।
যাত্রীরা আরও বলেন, চালকেরা প্রায়ই যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। অনেক সময় যাত্রীরা প্রতিবাদ করলে পথের মধ্যে স্পিডবোট বিকল হয়েছে বলে ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখেন। অথবা চরে আটকে রাখেন।
স্পিডবোটের চালক মো. সুমন বলেন, ‘যাত্রীর চেয়ে স্পিডবোট বেশি, ভাড়া কম পাওয়া যায়। তারপরও যাত্রীরা ঠিকমতো ভাড়া দিতে চায় না। তাই একটু বকাঝকা করা হয়।’
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির বলেন, স্পিডবোট ঘাটে যাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করা ও অতিরিক্ত ভাড়া নেওয়ার ঘটনায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভোলা-বরিশাল নৌপথে চলাচলকারী স্পিডবোট মালিক সমিতির সভাপতি আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক শাজাহান বলেন, বরিশাল গিয়ে স্পিডবোটগুলোকে খালি আসতে হয়েছে। তাই দ্বিগুণ ভাড়া নেওয়া হয়েছে। তাঁরা অন্য সময় জেলা প্রশাসনের নির্ধারিত ভাড়ায় যাত্রী বহন করেন। তবে ঈদে ভাড়া বাড়াননি।
জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সুব্রত কুমার সিকদার বলেন, কেন নিষেধাজ্ঞা অমান্য করে স্পিডবোট চলাচল করছে এবং অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, তা খোঁজ নিয়ে দেখবেন।