ভোলায় এক স্কুলে আরেক স্কুলের ছাত্রদের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সরকারি বালক বিদ্যালয়ের ছাত্ররা গতকাল শনিবার বেলা সোয়া ১১টার দিকে শহরের আবদুর রব স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়েছে। এ সময় তাদের ছোড়া ইটপাটকেলের আঘাতে আবদুর রব স্কুলের ছাত্র-অভিভাবকসহ ১৫ জন আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আবদুর রব মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মনিরুল ইসলাম, বিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ প্রত্যক্ষদর্শীরা জানান, অন্যান্য দিনের মতো গতকাল শনিবারও বিদ্যালয়ে ক্লাস শুরু হয়। সোয়া ১১টার দিকে সাদা ইউনিফর্ম পরা ভোলা সরকারি বালক বিদ্যালয়ের ৪০-৫০ জন ছাত্র আবদুর রব স্কুলে এসে ছাত্রছাত্রীদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এ সময় অষ্টম শ্রেণির ছাত্র শিবলী, কাওসার, আলিফ, ইব্রাহীম, মেরাজুল ইসলাম, অন্তর, নবম শ্রেণির হিমেল, এমদাদ, দশম শ্রেণির সান, একাদশ শ্রেণির এনামুল হক, তানিম, অভিভাবক বাপ্পি, প্রিন্সসহ ১৫ জন আহত হয়। ভেঙে যায় একাধিক জানালা।
আবদুর রব স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাফিয়া খাতুন প্রথম আলোকে বলেন, ‘আমি আমার ছাত্রদের আটকে রেখে পুলিশে খবর দিই। পুলিশ আসার পরপরই ভোলা সরকারি বালক বিদ্যালয়ের ছাত্ররা পালিয়ে যায়। এ ঘটনায় আমি থানায় জিডি করেছি।’
ভোলা সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিরুল হক বলেন, ‘প্রাথমিক তদন্তে দেখা যায়, যারা হামলা করেছে তারা দ্বিতীয় শিফটের (পালা) ছাত্র। তাদের ক্লাস শুরু হয় দুপুর ১২টায়। ওরা স্কুলের নাম করে বাড়ি থেকে এসে ক্লাসে যোগ দেয়নি। ওদের নাম, শ্রেণি, রোল নম্বর সংগ্রহ করা হয়েছে। অভিভাবক ডেকে বিচার করা হবে।’ প্রধান শিক্ষক আরও বলেন, আবদুর রব স্কুলের এক ছাত্র তার ক্লাসের অন্য এক ছাত্রকে মারার জন্য সরকারি স্কুলের ছাত্রকে খবর দেওয়ায় এ ঘটনার সূত্রপাত হয়।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবাশ্বের আলী বলেন, এ ঘটনায় জিডি করা হয়েছে।