ভোলায় ছাত্রদল নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা
ভোলার চরফ্যাশন উপজেলায় গত শুক্রবার রাতে উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুর রাজ্জাককে (৩৫) রশি দিয়ে বেঁধে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পরিবার এবং স্থানীয় বিএনপি ও ছাত্রদলের অভিযোগ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের লোকজন এ ঘটনা ঘটিয়েছেন। তবে আওয়ামী লীগ এ অভিযোগ অস্বীকার করেছে। গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।
স্থানীয় সূত্র জানায়, আবদুর রাজ্জাক পরিবারের সঙ্গে চরফ্যাশন শহরের পাশে জিন্নাগড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় থাকতেন। শুক্রবার রাত ১১টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজার এলাকায় যান। বাজারের পাশে একটি নির্জন স্থানে কয়েকজনের সঙ্গে কথাবার্তা বলছিলেন তিনি। এ সময় হঠাৎ কয়েক যুবক তাঁকে রশি দিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ফেলেন। তাঁকে প্রথমে বেদম মারধর করা হয়। মারধরের একপর্যায়ে খুঁটির বাঁধন ছিঁড়ে তিনি মাটিতে পড়ে যান। এরপর তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওই অবস্থায় ফেলে রেখে যান ওই যুবকেরা। খবর পেয়ে রাত একটার দিকে পুলিশ তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাঁকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শশীভূষণ থানার পুলিশ জানায়, যাঁদের সঙ্গে আবদুর রাজ্জাক কথাবার্তা বলছিলেন, তাঁরাই এ ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে ওই সন্দেহভাজন যুবকেরা পলাতক। মুঠোফোনও বন্ধ। ঘটনাস্থলের পাশ থেকে আবদুর রাজ্জাকের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। জানা গেছে, ওই মোটরসাইকেলটি ছাত্রদলের স্থানীয় এক কর্মীর। ঘটনার পর থেকে ওই কর্মীও পলাতক। লাশের সারা শরীরে পেটানো ও ধারালো অস্ত্রের জখমের চিহ্ন আছে। লাশ উদ্ধারের সময় হাত ও পায়ে রশি বাঁধা ছিল।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসার নিয়ন্ত্রণের জের ধরে এ ঘটনা ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি বলেন, আবদুর রাজ্জাক হত্যা, ধর্ষণসহ ১৮টি মামলার আসামি। এই মামলার কোনো সূত্রে এ হত্যার ঘটনা ঘটেছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
তবে আবদুর রাজ্জাকের বাবা মো. হোসেন মিয়া প্রথম আলোকে বলেন, বিএনপির সাবেক সাংসদ নাজিম উদ্দিন আলমের হাতকে দুর্বল করার জন্য প্রতিপক্ষের লোকজন তাঁর ছেলেকে হত্যা করেছেন।
চরফ্যাশন বিএনপির সভাপতি আলমগীর হোসেন ও জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার আল আমিনের অভিযোগ, আন্দোলন-সংগ্রামকে স্তিমিত করার জন্য আবদুর রাজ্জাককে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা হত্যা করেছেন। আওয়ামী লীগ রাজ্জাকের বিরুদ্ধে ২০টির মতো মিথ্যা অভিযোগে মামলা দিয়ে দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন পরিবেশ ও বন উপমন্ত্রী এবং চরফ্যাশন আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন কোনোভাবে জড়িত নয়।