ভোলায় জলদস্যুদের হামলায় নিহত ২, আহত ১৫ জন
ভোলার মনপুরা উপজেলায় পূর্ব মেঘনা নদীতে জেলেদের নৌকায় জলদস্যুদের হামলায় দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৫ জন জেলে। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত দুজন হলেন মনপুরার চরফয়জুদ্দিন এলাকার আবুল কালাম মাঝি (৩৫) ও তজুমদ্দিন উপজেলার মহাজনকান্দি এলাকার সফিকুল ইসলাম মহাজন (২৮)। ওই ঘটনায় দস্যুরা পাঁচ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। পরে তাঁদের জনপ্রতি ৫০ হাজার করে টাকা মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আটজন জেলে বলেন, শনিবার সকালে ৫০টি ট্রলার নিয়ে জেলেরা পূর্ব মেঘনায় মাছ ধরতে যান। বদনার চরের পূর্ব দিকে তাঁরা জাল ফেলেন। এ সময় হাতিয়ার জলদস্যু বাহিনী তাঁদের ওপর হামলা করে। ট্রলার নিয়ে পালানোর চেষ্টাকালে দস্যুরা এলোপাতাড়ি গুলি করলে আবুল কালাম মাঝি নিহত হন। এ সময় গুলিবিদ্ধ হন মহিউদ্দিন, রুবেল, নয়ন, জুয়েল, সাইফুল ইসলাম, মো. হোসেন, কামাল, মাইনুদ্দিন, ও শাকিল। তাঁদের তিনজনকে বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দস্যুরা ৫০টি ট্রলারের জাল-মাছ ডাকাতি করেছে।
একই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ইউসুফ মাঝি বলেন, দস্যু বাহিনী মো. ইউনুস, আবদুর রহমান ও তিনিসহ পাঁচজনকে অপহরণ করে হাতিয়ার উড়িরচরে জঙ্গলের মধ্যে নিয়ে যায়। পরে বাড়ি থেকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে বিকাশে পাঠিয়ে তাঁরা মুক্ত হন। টাকা পাঠানোর আগে তাঁদের নির্যাতন করা হয়।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান বলেন, তাঁদের দ্রুতগামী ট্রলার নেই, তাই দস্যুদের ধরা যাচ্ছে না।