ভোলায় টোল আদায়ের নামে চাঁদাবাজি
ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের শাজাহান বাজার এলাকার বিশ্বরোডের মাথা ফেরিঘাটে টোল আদায়ের নামে চাঁদাবাজি চলছে। কথিত তরুণ লীগের স্থানীয় নেতা পরিচয় দিয়ে কাওসার গাজী নামের একজন এ ধরনের অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছেন বলে জানিয়েছে জেলা প্রশাসন।
ভোলা বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা বিভাগের পরিদর্শক নাসিম আহমেদ, একাধিক যাত্রী ও লঞ্চমালিক বলেন, কয়েক বছর ধরে ভোলা বিশ্বরোডের মাথা-পটুয়াখালী বাউফল উপজেলার ধুলিয়া নৌপথটিতে নিয়মিত যাত্রীবাহী লঞ্চ-ট্রলার চলাচল করছে। বিশ্বরোডের মাথা ফেরিঘাটটি আন্তজেলা ঘাট। বিআইডব্লিউটিএ বা বরিশাল বিভাগীয় কমিশনার ছাড়া ঘাটটি ইজারা দেওয়ার ক্ষমতা কারও নেই। তবে কাওসার গাজী সরকারের অনুমোদন ছাড়াই দুই বছর ধরে টোল আদায়ের নামে চাঁদাবাজি করছেন। বৈধ ইজারাদার হলে ঘাট থেকে জনপ্রতি এক টাকা টোল নেওয়ার কথা। অথচ অবৈধ হয়েও তিনি যাত্রীপ্রতি ১০ টাকা, ছোট ট্রলারপ্রতি ৩০০ থেকে ৫০০ টাকা এবং লঞ্চপ্রতি ১০০ থেকে ২০০ টাকা আদায় করছেন। ঈদের আগের দিন ভোলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল চন্দ্র দাস কাওসার গাজীকে অবৈধভাবে টোল আদায়ের দায়ে জরিমানা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড না চালানোর জন্য সতর্ক করে দেন। তবে গতকাল শুক্রবার পর্যন্ত চাঁদাবাজি বন্ধ হয়নি। সরেজমিনে কাওসার গাজীকে টোলের নামে চাঁদাবাজি করতে দেখা গেছে।
কাওসার গাজী নিজেকে ভেলুমিয়া ইউনিয়ন ‘তরুণ লীগের’ সভাপতি ও ভোলার সদর উপজেলার ভেলুমিয়া বিশ্বরোডের মাথা ঘাটের ইজারাদার পরিচয় দিয়ে বলেন, ‘গত দুই বছর ইউনিয়নের তহশিলদার মিজানুর রহমান তাঁকে ইজারা দিয়েছেন। বিষয়টি আওয়ামী লীগের ওপরের নেতারা জানেন। ইজারা বাবদ আমি মিজানুর রহমানকে গত বছর প্রতি মাসে ৫০০ টাকা দিয়েছি; চলতি বছর মাসিক এক হাজার টাকা করে দিচ্ছি। মাঝেমধ্যে তিনি আরও বেশি টাকাও নেন।’
মিজানুর রহমান বলেন, গত ২০১২-১৩ অর্থবছরে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার এক চিঠির মাধ্যমে পরীক্ষামূলকভাবে বিশ্বরোডের মাথা ঘাটটি কাওসার গাজীকে ইজারা দেন। তার পর থেকে তিনি টোল আদায় করছেন এবং প্রতি মাসে রাজস্ব জমা দিচ্ছেন।
ভোলা জেলা প্রশাসক মো. সেলিম রেজা বলেন, ‘আন্তজেলা ফেরিঘাট ইজারা দেওয়ার ক্ষমতা উপজেলা নির্বাহী কর্মকর্তার নেই। এ জন্য ইজারাদারকে টোল আদায় নিষেধ করাসহ জরিমানা করা হয়েছে।’