ভোলায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এক বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবন্ধীর
মা আদালতে মামলা করেছেন। বাদীর অভিযোগ, আসামি এলাকায় থাকলেও পুলিশ তাঁকে গ্রেপ্তার করছে না।
ধর্ষণের শিকার প্রতিবন্ধীর বাবা ও মায়ের অভিযোগ, তাঁদের মেয়ে (২৮) কানে শুনতে বা কথাও বলতে পারেন না। প্রায় ১৫ বছর আগে ভোলা সদর উপজেলার এক ব্যক্তির সঙ্গে তাঁদের মেয়ের বিয়ে হয়। কিন্তু বিয়ের কিছুদিন পরে তাঁর স্বামী তাঁকে বাড়িতে রেখে পালিয়ে যান।
প্রতিবন্ধীর বাবা বলেন, তিনি গ্রামে গ্রামে ভাঙারি মালামাল সংগ্রহ করে বিক্রি করেন। বাড়ি ফিরতে রাত হয়। তাঁর স্ত্রীও অন্যের বাড়িতে কাজ করে। তাঁদের গ্রামের এক ব্যক্তি (৪৮) বাড়িতে একা পেয়ে তাঁর মেয়েকে ধর্ষণ করেন। তাঁদের মেয়ে বিষয়টি জানালে তাঁরা ওই ব্যক্তিকে আটক করেন। পরে বিয়ে করার শর্ত দিয়ে এলাকার লোকজন তাঁকে ছাড়িয়ে নিয়ে যায়। এটা প্রায় এক বছর আগের কথা।
এর কিছুদিন পর তাঁরা জানতে পারেন তাঁদের মেয়ে অন্তঃসত্ত্বা। তারপর তাঁরা একাধিকবার এলাকার মেম্বার-চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্যদের কাছে এ ঘটনার বিচার চান। তারপর গত ১০ এপ্রিল ভোলার জেলা ও দায়রা জজ আদালতে মেয়ের মা নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধর্ষণ ধারায় মামলা করেন।
মামলার বাদী বলেন, গত ২৬ নভেম্বর তাঁদের মেয়ের সন্তান হয়েছে। টাকা না থাকায় তাঁরা সঠিকভাবে মেয়ে ও নাতনির চিকিৎসা করাতে পারছেন না। এদিকে, প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় আসামি প্রকাশ্য এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। তিনি মামলা তুলে নিতে নানা হুমকি-ধমকি দিচ্ছেন।
আসামির বাড়িতে গেলে তিনি সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যান। বাড়ির অন্যরা কিছু বলতে রাজি হননি।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃষ্ণ রায় চৌধুরী বলেন, পুলিশ তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেছে। আদালতের নির্দেশ না পাওয়ায় আসামিকে আটক করা হচ্ছে না।