ভোলায় বিএনপি নেতাকে পেটাল ছাত্রলীগ, প্রতিবাদে বিক্ষোভ
ভোলা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ওরফে ট্রুম্যান মিয়াকে ছাত্রলীগের কর্মীরা পিটিয়ে গুরুতর জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ সময় তাঁর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে এ হামলা চালানো হয়েছে। হামলার ঘটনায় ভোলা সদর থানায় মামলা হয়েছে। ঘটনার নিন্দা জানিয়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ করেছেন। গতকাল বুধবার বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ঢাকা থেকে ভোলায় হারুন অর রশিদকে দেখতে এসে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার দাবি করেন।
জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আমিনুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক ফারুক মিয়া এবং আহত হরুনের স্বজনেরা বলেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রিয়াজ মাহমুদের নেতৃত্বে ছাত্রলীগের এক দল কর্মী সোমবার রাত সাড়ে নয়টার দিকে অতর্কিতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় বাধা দিলে লাঠি দিয়ে পিটিয়ে হারুনকে গুরুতর আহত করেন তাঁরা। হারুনকে তাৎক্ষণিক ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
এ ঘটনার পর রাত ১০টার দিকে বিএনপির নেতা-কর্মীরা ভোলা সদর হাসপাতালে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে শহরে ঢোকেন। হামলার এ ঘটনায় জেলা আওয়ামী লীগের অনেক নেতাও নিন্দা জানিয়েছেন।
তবে ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রিয়াজ মাহমুদ বলেন, হারুন অর রশিদের দুই ছেলে আবিদ-জাবিদ আওয়ামী লীগ ও ভোলার নেতৃবৃন্দ সম্পর্কে কটূক্তি করলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবিদ-জাবিদের বন্ধুরা ছাত্রলীগের এক কর্মীকে পাইপ দিয়ে আঘাত করলে ছাত্রলীগের কর্মীরা আবিদ-জাবিদকে মারতে যান। এ সময় অনাকাঙ্ক্ষিতভাবে হারুন অর রশিদ ঢুকে পড়লে তাঁর মাথায় আঘাত লাগে। কিন্তু ছাত্রলীগ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা করেনি।
এ ব্যাপারে জানতে চাইলে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, এ ঘটনায় হারুন অর রশিদ বাদী হয়ে জ্ঞাত ১৭ জন এবং অজ্ঞাত আরও শতাধিক ব্যক্তিকে আসামি করে থানায় মামলা করেছেন।