ভোলায় বিএনপির প্রার্থীকে অপহরণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদের প্রার্থী শাজাহান বাদশাকে গতকাল বৃহস্পতিবার অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছে জেলা বিএনপি।

আওয়ামী লীগের লোকজন গতকাল সকালে শাজাহান বাদশাকে অপহরণ করেছে বলে দাবি করেছে জেলা বিএনপি। তবে আওয়ামী লীগ এ অভিযোগ অস্বীকার করেছে।

ভোলা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ভেলুমিয়া ইউপির চেয়ারম্যান আবদুস সালাম মাল মারা যাওয়ায় গত ২৬ সেপ্টেম্বর ওই ইউনিয়নে পুনর্নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ৩১ অক্টোবর নির্বাচন। গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ।

জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আমিনুল ইসলাম খান বলেন, ভেলুমিয়া ইউপির সাবেক চেয়ারম্যান শাজাহান বাদশাকে উপনির্বাচনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি তাবলিগে ছিলেন। গতকাল সকাল সাড়ে নয়টায় মনোনয়নপত্র দাখিল করতে ভোলায় আসার পথে উপজেলার ঘুইংগারহাট এলাকা থেকে একদল লোক তাঁকে অপহরণ করে। এখন বাদশাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

বিএনপির নেতাদের অভিযোগ, আওয়ামী লীগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার জন্য শাজাহান বাদশাকে অপহরণ করেছে। এ ঘটনা লিখিত আকারে পুলিশকে জানানো হয়েছে।

আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আবদুস সালাম মাস্টার বলেন, তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে বিএনপির প্রার্থী কেন মনোনয়নপত্র দাখিল করেননি, তা তিনি বলতে পারছেন না। তিনি অপহরণ না নিখোঁজ হয়েছেন, সে বিষয়েও সালাম মাস্টার কিছু জানেন না বলে জানান।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর অভিযোগের সত্যতা অস্বীকার করে বলেন, ‘আমরা কোনো অভিযোগ পাইনি।’

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বলেন, বিএনপি যে প্রার্থীকে মনোনয়ন দিয়েছে তিনি তাবলিগে আছেন। তিনি নির্বাচন করতে চাননি। তাঁর কোনো ভোট নেই। তাই নির্বাচন না করার জন্য লুকিয়ে থেকে অপহরণের নাটক করছেন।