ভোলায় বিষ মেশানো খাবার খেয়ে সাতজন হাসপাতালে
ভোলার সদর উপজেলায় অজ্ঞান পার্টির সদস্যদের বিষ মেশানো খাবার খেয়ে সাতজন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। ভোলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, অজ্ঞাত বিষ প্রয়োগ করায় সাতজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাঁরা এখনো বিপদমুক্ত হননি।
রোগীদের স্বজন শারমিন আক্তার বলেন, গত মঙ্গলবার রাতআটটার দিকে সদর উপজেলার আলীনগর ইউনিয়নের দক্ষিণ রুহিতা গ্রামের ফরাজি বাড়ির বাসিন্দা মো. বেলাল হোসেন (৬৫), চাঁদ সুলতানা (৫৪), শাহাদাত হোসেন (২৮), তানভীরুল ইসলাম (২৬), উম্মে হাবিবা (১৯), সুমাইয়া আক্তার (১৪) ও মাইশা আক্তার (৪) রাতের খাবার খাওয়ার পর অচেতন হয়ে পড়েন। রাত নয়টার দিকে তাঁদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বুধবার বেলা দুইটা পর্যন্ত শিশু মাইশা ছাড়া বাকিরা অচেতন ছিলেন।
শারমিন আরও বলেন, ধারণা করা হচ্ছে অজ্ঞান পার্টির সদস্যরা রাতে রান্নাঘরে ঢুকে খাবারে বিষ মিশিয়ে দিয়েছে।