ভোলায় মিলাদে কথা-কাটাকাটি নিয়ে সংঘর্ষ, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা শহরের কালীনাথ রায়ের বাজার এলাকায় পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের লোকজনের মধ্যে কয়েক দফা হামলা-ভাঙচুর, বোমাবাজি ও সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
বিএনপির সাধারণ সম্পাদক মরহুম মো. ফারুক মিয়ার মিলাদ মহফিলে ইফতারি বিতরণকালে কথা-কাটাকাটির জের ধরে গত শুক্রবার রাতে সংঘর্ষের সূত্রপাত। এ ঘটনায় ৪ নম্বর ওয়ার্ডের একজন, ৫ নম্বর ওয়ার্ডের ১৬ জন ও অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলার বাদী হাবিবুল্যাহ।
কমপক্ষে ১৫ জন প্রত্যক্ষদর্শী, পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শহরের বড় মসজিদে জেলা বিএনপি সম্প্রতি গত হওয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মরহুম মো. ফারুক মিয়ার মিলাদ মহফিলের আয়োজন করে। মাগরিবের আগ মুহূর্তে ইফতারি বিতরণকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জের ধরে মাগরিবের নামাজ শেষে তা সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে তা পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের জনগণের মধ্যে ছড়িয়ে পড়ে। তারা শহরের মোল্লাপট্টি, কালীনাথ রায়ের বাজার ও কালীখোলা এলাকায় রাত সাড়ে নয়টা পর্যন্ত পাল্টাপাল্টি ধাওয়া ও কয়েক দফা সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় তারা দুটি দোকান, দুটি মোটরসাইকেল ভাঙচুর করে এবং বোমাবাজি করে। এতে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মসজিদ থেকে তারাবি নামাজের মুসল্লিরা বেরিয়ে পড়েন। এ ঘটনায় আহত ব্যক্তিরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এরফানুর রহমান ও ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শওকত তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাঁরা উভয় পক্ষকে নিয়ে সমঝোতার চেষ্টা করছেন।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর বলেন, ৪ নম্বর ওয়ার্ডের হাবিবুল্যাহ নামের এক ব্যক্তি প্রায় ১৭০ জনের বিরুদ্ধে হামলা, ভাঙচুর, বোমাবাজি ও লুটের অভিযোগ এনে মামলা করেছেন। তবে কাউকে আটক করা হয়নি।
তবে জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার আলআমিন বলেন, এটি সম্পূর্ণ বিচ্ছিন্ন ঘটনা। এর সঙ্গে বিএনপির মিলাদ মহফিলের কোনো যোগসূত্র নেই।