ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সদর উপজেলার উত্তর চর ভেদুরিয়া গ্রামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৬) ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। মেয়েটির পরিবারের অভিযোগ, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের ছেলে ও তাঁর বন্ধুরা এ ঘটনায় জড়িত।
গত বুধবার রাতে ওই স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় শেষ খবর পাওয়া পর্যন্ত মেয়েটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি।
নাবিলার মা জোসনা বেগম বলেন, তাঁর স্বামী সিরাজুল ইসলাম ঢাকায় চাকরি করেন। স্থানীয় ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. আবদুল হাকিম মিজি তাঁর প্রতিবেশী। বুধবার বিকেলে জোসনা বেগম তাঁর ছোট মেয়ে নাবিলাকে বাসায় রেখে বড় মেয়েকে ঢাকাগামী লঞ্চে তুলে দিতে যান। এরপর সেখান থেকে পাশের গ্রামে ভাইয়ের বাড়িতে যান। রাত সাড়ে আটটার দিকে ইউপি সদস্য আবদুল হাকিমের মেয়ে ফোন করে জোসনা বেগমকে জানান, নাবিলা ঘরের ভেতর ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
এরপর দ্রুত বাড়ি ফিরে তিনি জানতে পারেন, নাবিলাকে সদর হাসপাতালে নিয়ে গেছেন আবদুল হাকিম।
জোসনা বেগমের অভিযোগ, আবদুল হাকিমের ছেলে মাহফুজ তাঁর বন্ধুদের নিয়ে নাবিলাকে ধর্ষণের পর হত্যা করেছেন। এরপর লাশ রশিতে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচারের চেষ্টা করেন। জোসনা বলেন, ‘এটি পরিকল্পিত হত্যা। আমি এর বিচার চাই।’
ইউপির ৪ নম্বর ওয়ার্ড সদস্য আবদুল হাকিম প্রথম আলোকে বলেন, তাঁর ছেলে এতে জড়িত নন। সাঈদী, শামীম ও জুয়েল নামের তিন বখাটে এ ঘটনা ঘটিয়েছেন। ঘটনার সময় তিনি ওই বাড়িতে গেলে তাঁরা পালিয়ে যান। পরে তিনি রাত ১০টার দিকে নাবিলাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, মেয়েটিকে ইউপি সদস্য মৃত অবস্থায় হাসপাতালে এনে বলেন, মেয়েটি আত্মহত্যা করেছে। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর বলেন, মেয়েটির গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। মামলার প্রক্রিয়া চলছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তিরা পলাতক।