ভোলায় হামলায় বিট কর্মকর্তাসহ আহত ৬
ভোলার মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফয়জুদ্দিনের রিজির খাল এলাকায় গত মঙ্গলবার হরিণের মাংস উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বন বিভাগের ছয় কর্মকর্তা।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিকারিরা মেঘনায় জেগে ওঠা চর মিয়া জমিরশাহ থেকে হরিণ জবাই করে নৌকায় চরফয়জুদ্দিনে নিয়ে আসছিলেন।
রাত আটটার দিকে তাঁরা নৌকায় হরিণের মাংস নিয়ে তীরে ওঠার সময় বন বিভাগের হাজিরহাট বিট কর্মকর্তা নজরুল ইসলামের নেতৃত্বে বনপ্রহরীরা হরিণের মাংসসহ একজনকে আটক করেন। অন্য শিকারিরা পালিয়ে যান। আটক ব্যক্তিকে মনপুরা সদরে নিয়ে আসার সময় হরিণশিকারিরা স্থানীয় লোকজনের সহযোগিতায় বনপ্রহরীদের ওপর হামলা চালিয়ে মাংসসহ আটক ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।
হামলায় বিট কর্মকর্তা নজরুল ইসলাম, বনপ্রহরী মো. সাহাবুদ্দিন, মশিউর রহমান, মো. বাহাদুর, মাসুদ পারভেজ ও পারভেজ ইসলাম আহত হন।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান বলেন, তাঁরা হামলার খবর শুনেছেন। তবে এখনো কেউ মামলা দেয়নি।