ভেড়ামারা ও দশমিনায় দুজন খুন
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় জিন্নাত আলী (২৬) নামের এক তরুণকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাত নয়টার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে তাঁকে হত্যা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এর আগে মঙ্গলবার বিকেলে পটুয়াখালীর দশমিনা উপজেলায় বিরোধপূর্ণ জমির মাটিকাটা নিয়ে মারধরে রিজিয়া বেগম (৮০) নামের এক নারী খুন হয়েছেন।
নিহত জিন্নাত আলী ভেড়ামারার ইসলামপুর পদ্মার চর এলাকার ফজলুল হকের ছেলে। রিজিয়া বেগম দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নের খলিশাখালী গ্রামের বাসিন্দা ছিলেন।
ভেড়ামারা থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, ইসলামপুর পদ্মার চর এলাকার এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন দিনমজুর জিন্নাত আলী। এ নিয়ে এলাকায় গুঞ্জনও ছিল। গত মঙ্গলবার রাত নয়টার দিকে তাঁকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। পরে রাত একটার দিকে জিন্নাতকে দুর্বৃত্তরা ব্যাপক মারধর করে এবং তাঁর মৃত্যু হয়েছে ভেবে নাটোরের লালপুর থানার আওতাধীন একটি চরে লিচুবাগানে ফেলে যায়। ভোররাতে স্থানীয় লোকজন তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে তাঁর মৃত্যু হয়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন খন্দকার বলেন, প্রেমের সম্পর্কের জের ধরেই জিন্নাত আলীকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাঁর পা-গলা ছাড়াও শরীরের কয়েকটি স্থানে মারধরের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, যেহেতু ঘটনাস্থল লালপুর থানার আওতাধীন, সেহেতু সেই থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে। মামলার বিষয়টি তারা দেখবে।
দশমিনা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, খলিশাখালী গ্রামের একই বাড়ির শাহজাহান মিয়া ও আবুল হোসেনের পরিবারের মধ্যে এক খণ্ড জমি নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে শাহজাহানের ছেলে মাসুম বিরোধপূর্ণ জমিতে মাটি কাটতে গেলে তাঁর প্রতিপক্ষ খালাতো ভাইবোন সাথী বেগম ও ছালাম বাধা দেন। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি ও মারামারি শুরু হয়। এ সময় মাসুমের ফুপু রিজিয়া বেগম মারামারি থামাতে গিয়ে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় নিহত রিজিয়া বেগমের ভাই শাহজাহান মিয়া বাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন।