কুষ্টিয়ার ভেড়ামারা শহরে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ শহীদুল ইসলামের বাসভবনের সামনে একটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া বাসভবন লক্ষ্য করে ইটপাটকেল ও গুলি ছোড়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় যুবদলের এক নেতা পায়ে গুলিবিদ্ধ হন। আহত হন বিএনপির এক নেতা।
গতকাল শনিবার দুপুরে জাসদের এক নেতার নেতৃত্বে একদল কর্মী-সমর্থক এই হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে।
গুলিবিদ্ধ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া আহত পৌরসভার ১ নম্বর ফারাকপুর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাহারুল ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক অরবিন্দ পাল বলেন, গুলিবিদ্ধ অবস্থায় মোশাররফকে হাসপাতালে আনা হয়। তাঁকে হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, পৌরসভা নির্বাচনে ভেড়ামারা বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করেছেন—এমন অভিযোগ তদন্ত করার জন্য জেলা বিএনপির পাঁচ সদস্যের একটি দল ভেড়ামারা শহরে আসে। তাঁরা সাবেক সাংসদ শহীদুলের বাসভবনে বসে কথা বলতে থাকেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি প্রথম আলোকে বলেন, দুপুর ১২টার দিকে তদন্ত কমিটির সদস্যরা বাসভবনের ভেতরে পৌরসভার ওয়ার্ড নেতাদের সঙ্গে বৈঠক করছিলেন। এ সময় হঠাৎ করে ২০-২৫ জনের একটি দল বাড়ির সামনে রাখা তদন্ত দলের ভাড়া করা মাইক্রোবাস ভাঙচুর করে। এ ছাড়া বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে।
শহীদুল অভিযোগ করেন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আনসার আলীর নেতৃত্বে হকিস্টিক, লাঠিসোঁটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে এই হামলা চালানো হয়। হামলাকারীরা কয়েকটি ককটেল ফাটায় ও গুলি ছোড়ে। একটি গুলি তাঁদের নেতা মোশাররফ হোসেনের পায়ে বিদ্ধ হয়। এ ছাড়া হামলায় নাহারুল নামের আরেক নেতা আহত হন। হামলাকারীরা চলে যাওয়ার সময় বাড়ির সামনে উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে ভাঙচুর করেন।
অভিযোগ অস্বীকার করে আনসার আলী বলেন, ‘অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বিএনপির নেতা-কর্মীদের নিজেদের দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে। এর দায় জাসদের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে।’
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম গতকাল বিকেলে বলেন, কতিপয় দুর্বৃত্ত হামলা চালিয়ে ভাঙচুর করেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।