এক ব্যক্তিকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি ও নির্যাতনের অভিযোগে কিশোরগঞ্জের ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
আশরাফুল আলম নামের এক ব্যক্তি গতকাল মঙ্গলবার কিশোরগঞ্জের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. আতাউল হকের আদালতে মামলা দায়ের করেন।
বিচারক ১৭ জানুয়ারি বাদীপক্ষকে আদালতে হাজির হয়ে সাক্ষী উপস্থাপনের নির্দেশ দিয়েছেন।
আশরাফুলের বাড়ি পৌর শহরের ভৈরবপুর দক্ষিণপাড়ায়। আরজির বিবরণ অনুযায়ী, গত বছরের ১০ আগস্ট রাত নয়টার দিকে বাদীকে (আশরাফুল) তাঁর নিজ বাড়ির সামনে থেকে পুলিশ আটক করে। পরে থানায় নিয়ে যাওয়া হয়। থানা-হাজতে রেখে তাঁকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে খুনের মামলার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। কিন্তু বাদী এতে রাজি হননি।
একপর্যায়ে বাদীর কাছ থেকে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতেও রাজি হননি তিনি। এতে ওসি মো. বদরুল আলম তালুকদার ক্ষুব্ধ হন এবং তাঁকে ক্রসফায়ারের ভয় দেখান। এতেও তিনি রাজি হননি। এর জেরে রাতভর বাদীকে শারীরিক নির্যাতন করা হয়। পরদিন সকালে তাঁকে ওই অজ্ঞাতপরিচয় খুনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
গতকাল আদালতে মামলা দায়েরের পর আশরাফুল আলম গণমাধ্যমকর্মীদের বলেন, তাঁকে যে মামলার আসামি করা হয়েছে, ওই হত্যাকাণ্ডের সময় তিনি অন্য একটি মামলায় কারাগারে ছিলেন। দেড় মাস পর ছাড়া পান।
অভিযোগ অস্বীকার করে ওসি বদরুল আলম তালুকদার বলেন, মামলার বাদী আশরাফুল ভৈরব থানার একজন তালিকাভুক্ত সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে ছয়-সাতটি মামলা রয়েছে। এখন তিনি পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে বিব্রত করার অপচেষ্টা করছেন।