ভৈরব সেতুতে বিদ্যুতের তার চুরির চেষ্টা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে সেতু থেকে বিদ্যুতের তার চুরির চেষ্টাকালে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মজিবুর রহমান (৪০)। গতকাল রোববার ভোরে এ ঘটনা ঘটে।
মজিবুরের পৈতৃক বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নসুমপুর গ্রামে। তবে তিনি বর্তমানে আশুগঞ্জ উপজেলার বাজারহাটি গ্রামে বসবাস করছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আশুগঞ্জ তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ ভৈরবসহ কিশোরগঞ্জ জেলায় সরবরাহ করা হয়। এ কারণে কেন্দ্রটি থেকে ৩৩ কেভি ক্ষমতার সঞ্চালন লাইন স্থাপন করা হয়েছে। লাইনটি ভৈরব রেলওয়ে সেতুর ওপর দিয়ে কিশোরগঞ্জ জেলার সঙ্গে সংযোগ স্থাপন করেছে। গত ২৫ জানুয়ারি রাতে প্রায় ১০০ মিটার তার চুরি যায়। এরপর ২৮ জানুয়ারি রাতে আবার ২০০ মিটার তার চুরি হয়। এ দুটি ঘটনায় পৃথক মামলা হয়। কিন্তু কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এই পরিপ্রেক্ষিতে গতকাল ভোরে ছয়-সাতজনের একটি দল আবার তার চুরির চেষ্টা চালায়। একপর্যায়ে রেলওয়ে পুলিশ মজিবুরকে হাতেনাতে গ্রেপ্তার করে। তবে দলটির অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হন।
ভৈরব আবাসিক বিদ্যুৎ সরবরাহ কার্যালয় সূত্রে জানা গেছে, ৩৩ কেভির সঞ্চালন লাইনের মাধ্যমে পুরো কিশোরগঞ্জ জেলায় বিদ্যুৎসেবা দেওয়া হয়। এই লাইনের আওতায় সরকারি-বেসরকারি হাসপাতাল, সেবামূলক প্রতিষ্ঠানসহ ৬০ লাখ গ্রাহক রয়েছেন।
ভৈরব আবাসিক বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী মো. আলকাছ বলেন, দুই দফা তার চুরি এবং আরেক দফা চুরির চেষ্টার এ ঘটনা বিদ্যুৎ বিভাগকে বিচলিত করে তুলেছে।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল মজিদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মজিবুর এর আগে দুটি চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।