ভৈরবে অজ্ঞান পার্টির খপ্পরে চার ট্রেনযাত্রী
কিশোরগঞ্জের ভৈরবে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে চার ট্রেনযাত্রী সাত হাজার টাকা খুইয়েছেন। গতকাল শনিবার ভোরে ভৈরব রেলস্টেশন এলাকা থেকে তাঁদের অচেতন অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী।
ওই চার ট্রেনযাত্রী হলেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার হাফিজ মিয়া (৫৫) ও শুক্কুর মিয়া (৪০) এবং কুলিয়ারচর উপজেলার তারা মিয়া (৪৫) ও হাদিস আলী (৪৮।
ভৈরব রেলস্টেশনের কয়েকজন হকার ও দোকানি জানান, গতকাল ভোর পাঁচটার দিকে স্টেশনের আউটার সিগন্যাল পয়েন্ট এলাকায় চার ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। টকজাতীয় খাবার ও এবং স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ সেবনের দুই ঘণ্টা পর ধীরে ধীরে তাঁদের জ্ঞান ফিরতে থাকে। হাফিজ ও শুক্কুর পাদুকা শ্রমিক। থাকেন চট্টগ্রামে। ঈদ করার জন্য ট্রেনে করে চট্টগ্রাম থেকে ভৈরবে আসেন। রাত বেশি হয়ে যাওয়ায় বাড়ি ফেরার কোনো সুযোগ ছিল না। এই কারণে স্টেশনে রাত কাটিয়ে দেওয়ার চিন্তা করেন তাঁরা। রাত দুইটার দিকে হকারের কাছ থেকে পাউরুটি ও কলা কিনে খাওয়ার পর অচেতন হয়ে পড়েন। অজ্ঞান পার্টির সদস্যরা তাঁদের কাছ থেকে প্রায় তিন হাজার টাকা নিয়ে গেছে।
তারা মিয়া ও হাদিস মিয়া জানান, ঢাকায় তাঁরা নির্মাণশ্রমিকের কাজ করেন। মালিকের বাড়ি ফেনী। ফেনী থেকে বেতনের টাকা নিয়ে ট্রেনে করে গভীর রাতে ভৈরব স্টেশনে আসেন। রাত আড়াইটার দিকে হকারের কাছ থেকে পান কিনে খাওয়ার পর অচেতন হয়ে পড়েন। তাঁদের প্রায় চার হাজার টাকা খোয়া গেছে।
ভৈরব রেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ট্রেনযাত্রীদের অজ্ঞান পার্টির খপ্পরে পড়ার বিষয়টি তিনি জানেন না। অজ্ঞান ও মলম পার্টির সদস্যদের ধরার জন্য স্টেশন এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।