ভৈরবে আ.লীগের দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষ, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে কিশোরগঞ্জের ভৈরবের ভবানীপুর গ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষ হয়েছে। গতকাল মঙ্গলবার হওয়া এই সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হন। এর আগে কয়েক দফা সংঘর্ষে পুলিশসহ ৪০ জন আহত হন।

গতকাল দুপুরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের আওয়ামী লীগের নেতা জয়নাল আবেদীন ও হুমায়ুন কবিরের পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। আহত ব্যক্তিদের মধ্যে হুমায়ুনের পক্ষের মেরাজ মিয়া (৪৫), জজ মিয়া (৩৯), জামাল মিয়া (৪০), সমেদ মিয়া (৩৫), হানিফ মিয়া (২৮) এবং জয়নালের পক্ষের আক্কাছ মিয়া (৪০) ও আল ইসলামকে (৩৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত সোমবারের সংঘর্ষে পুলিশের দুই সদস্য আহত হওয়ার ঘটনায় গতকাল মামলা হয়েছে। ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন বাদী হয়ে ওই মামলা দায়ের করেন। এই মামলায় দুই পক্ষের ৫৫০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠিয়েছে।  

গতকাল দুপুরে ভবানীপুর গ্রামে গিয়ে দেখা যায়, সড়ক ও স্থানীয় লোকজনের বসতবাড়ির পাশে সংঘর্ষকালে ছোড়া ভাঙা ইট পড়ে আছে। উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে ছড়িয়ে-ছিটিয়ে অবস্থান নিয়েছেন। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। বেলা দেড়টার দিকে আগের সংঘর্ষে জয়নালের পক্ষের আহত রায়হান মিয়া (২৪) মারা গেছেন—এমন খবর ছড়িয়ে পড়ে। ওই খবর পেয়ে বেলা দুইটার দিকে জয়নালের পক্ষ লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে হুমায়ুনের পক্ষের লোকজনের বেশ কয়েকটি ঘর ভাঙচুর করে। কিছুক্ষণ পর হুমায়ুনের পক্ষ প্রতিরোধে নামে। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে পুলিশ ২৭টি রাবার বুলেট ও ৬টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হুমায়ুন কবির বলেন, ‘নিজেদের লোকদের উত্তেজিত করে আমাদের বাড়িতে হামলা করতে জয়নালের পক্ষ রায়হানের মৃত্যুর গুজব ছড়িয়ে দেয়। এরপর তারা আমাদের লোকজনের বাড়িতে ঢুকে ভাঙচুরসহ ব্যাপক লুটপাট চালায়।’

এই অভিযোগ অস্বীকার করে জয়নাল আবেদিন বলেন, ‘হুমায়ুনের পক্ষ আগে উসকানি দেয়, পরে আমরা তার জবাব দিই। প্রতিপক্ষ আমাদেরও বেশ কয়েকটি ঘর ভাঙচুর ও লুটপাট করেছে।’

 ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) আবু তাহেরের নেতৃত্বে ওই এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। আবু তাহের জানান, পরিস্থিতি খুবই নাজুক। তবে এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

 শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির ও ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীনের মধ্যে দলীয় নেতৃত্ব নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরেই তাঁদের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে।