ভৈরবে ইটের দেয়াল তুলে যুবলীগ নেতার মাছ চাষ!

যশোর সদর উপজেলার নুরপুর সেতু থেকে ডাকাতিয়া সেতু পর্যন্ত ভৈরব নদের দেড় কিলোমিটার দখল করে মাছের চাষ করছেন যুবলীগের এক নেতা। এ জন্য সেতু দুটির নিচে ইটের দেয়াল, মাটি ও বাঁশের বেড়া তুলে পানি আটকে দেওয়া হয়েছে। ফলে বর্ষা মৌসুমে নদের তীরবর্তী এলাকা জলাবদ্ধ হয়ে যায়। আর স্থানীয় লোকজন নদে নামলেই হুমকি ও মারধরের শিকার হন বলে অভিযোগ রয়েছে।
আশির দশকে ডাকাতিয়া এলাকায় অন্তত ২০০ ফুট চওড়া প্রমত্ত ভৈরব নদের ওপর আড়াআড়িভাবে রাস্তা নির্মাণ করে স্থানীয় সরকার বিভাগ। নদে পানি চলাচলের সুবিধার্থে রাস্তার মাঝখানে কালভার্টের মতো পাশাপাশি দুটি সেতু তৈরি করা হয়। প্রতিটি কমবেশি ১৫ ফুট প্রশস্ত। আর নুরপুরে একই চওড়ার এ নদের ওপরে ৩৫-৪০ ফুটের একটি সেতু রয়েছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ডাকাতিয়া সেতুর নিচে ইটের দেয়াল তুলে নদের পানি আটকে রাখা হয়েছে। এখান থেকে দক্ষিণে দেড় কিলোমিটার দূরে নুরপুর সেতু। এ সেতুর নিচে দেওয়া হয়েছে মাটি ও বাঁশের বেড়া।
স্থানীয় ডাকাতিয়া গ্রামের ৮-১০ জন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তিন বছর ধরে এখানে এভাবে নদ দখল করে মাছ চাষ চলছে। এতে জড়িত সবাই ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা-কর্মী। তাঁদের নেতৃত্বে রয়েছেন যশোর জেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদ হোসেন (মিলন)। জাহিদ জেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতার ছত্রচ্ছায়ায় থাকেন। নদের ভেতরে পাহারা দেওয়ার জন্য নৌকা রাখা আছে। রাতে নৌকা নিয়ে যুবলীগের কর্মী ও তাঁদের নিযুক্ত লোকজন মাছ পাহারা দেন। কাউকে নদের পানিতে নামতে দেওয়া হয় না।
জানতে চাইলে যুবলীগ নেতা জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘ভৈরব নদের প্রায় এক কিলোমিটার এলাকায় আমাদের মাছ ছাড়া রয়েছে। পানি একটু কমলে নদ সেচে মাছ ধরে নিব। তখন নদ উন্মুক্ত করে দেওয়া হবে। তখন স্থানীয় লোকজনের নদে নেমে মাছ ধরতে আর কোনো বাধা থাকবে না। তবে গোসল করার জন্য কেউ নদে নামলে বাধা দেওয়া হয় না।’ এই মাছ চাষে স্থানীয় ৮০-৮৫ জন অংশীদার রয়েছে বলে তিনি দাবি করেন।
এলাকাবাসী বলছেন, সেতুর নিচে দেয়াল তুলে দেওয়ায় গত বছর বর্ষায় ভৈরব নদ দিয়ে পানি বের হতে পারেনি। এ কারণে নদ তীরবর্তী বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।
জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সূত্র বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত ‘ভৈরব নদ এলাকার জলাবদ্ধতা দূরীকরণ ও টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প’ গত বছরের আগস্টে একনেকে অনুমোদিত হয়। এ প্রকল্প বাস্তবায়নের জন্য ২৭২ কোটি ৮১ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। প্রকল্পের জরিপকাজ শুরু হয়েছে। এ কাজের জন্য সম্প্রতি অভিযান চালিয়ে নুরপুর থেকে ডাকাতিয়া পর্যন্ত দুটি বাঁশের বেড়া উচ্ছেদ করা হয়। কিন্তু সেতুর নিচে নির্মিত ইটের দেয়াল অপসারণ করা হয়নি।
অভিযানকালে উপস্থিত থাকা পাউবোর যশোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী বলেন, ‘বাঁশের বেড়া অপসারণের সময় সেতুর নিচে ইটের দেয়াল রয়েছে, বিষয়টি আমাদের নজরে আসেনি। কেউ বিষয়টি অবগতও করেনি। অনাকাঙ্ক্ষিতভাবে হয়তো থেকে গেছে। নৌকা দিয়ে জরিপ দল পাঠিয়ে শিগগিরই নদের ভেতরের সব ধরনের প্রতিবন্ধকতা অপসারণ করা হবে।’ প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ভৈরব খনন প্রকল্পের কাজ এক মাসের মধ্যে শুরু হবে বলেও উল্লেখ করেন তিনি।