ভৈরবে গৃহবধূকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের পঞ্চবটী পুকুরপাড় এলাকায় গত সোমবার রাতে এক গৃহবধূ খুন হয়েছেন। পারিবারিক কলহের জের ধরে স্বামী তাঁকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহত গৃহবধূর নাম সাহারা বেগম (৩০)। তাঁর স্বামীর নাম মুছা মিয়া (৩৫)। ঘটনার পর থেকে মুছা পলাতক।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, মুছা মিয়ার বাড়ি পঞ্চবটী পুকুরপাড় এলাকায়। সাহারাও একই এলাকার বাসিন্দা। ১০ বছর আগে তাঁদের বিয়ে হয়। তাঁদের তিন সন্তান আছে। সম্প্রতি দুজনের মধ্যে কলহের সৃষ্টি হয়। সাহারাকে প্রায়ই পেটাতেন মুছা। সোমবার রাত নয়টার দিকে মুছার কাছে কিছু টাকা চান সাহারা। এতে ক্ষুব্ধ হন মুছা। এই নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মুছা দা নিয়ে সাহারাকে কোপাতে থাকেন। গুরুতর অবস্থায় সাহারাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে বাজিতপুরে অবস্থিত জহুরুল ইসলাম মেডিকেল কলেজ নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) আবু তাহের বলেন, ময়নাতদন্তের জন্য সাহারার লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মুছা মিয়াকে প্রধান আসামি করে মামলার প্রস্তুতি চলছে।