ভৈরবে চেতনানাশক ছিটিয়ে লুটপাট
কিশোরগঞ্জের ভৈরবে চেতনানাশক ছিটিয়ে লুটপাট চালাচ্ছে একদল দুর্বৃত্ত। গত ১০ দিনে এ ঘটনায় ৩ পরিবারের ২৬ জন সদস্য অচেতন হয়ে অসুস্থ হয়ে পড়েন। পুলিশ এখনো এই চক্রের সদস্যদের শনাক্ত করতে না পারায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ভৈরব পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আলী বলেন, ভৈরবে নতুন অপরাধী চক্র গড়ে উঠেছে। চেতনানাশক স্প্রে করে অপরাধীরা লোকজনের বাসা থেকে মালামাল লুট করে নিয়ে যাচ্ছে। এ চক্রের সদস্যদের গ্রেপ্তার করতে না পারলে আতঙ্ক কমবে না।
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুখলেছুর রহমান বলেন, চেতনানাশক ছিটানোর ঘটনায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ১৭ ডিসেম্বর প্রথমে অচেতন করা হয় পৌর শহরের ঘোড়াকান্দা মহল্লার বাসিন্দা আশরাফুল আলমের পরিবারের পাঁচ সদস্যকে। আশরাফুল শহরের ডিএসএফএম সিকিউরিটি লিমিটেডে চাকরি করেন। ১৭ ডিসেম্বর রাত ১০টার দিকে তিনিসহ পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। সকাল নয়টার পরও আশরাফুল আলম অফিসে উপস্থিত না হওয়ায় মো. রনি নামের এক সহকর্মী তাঁকে ফোন দেন। আশরাফুল ফোন ধরেন। কিন্তু তিনি ভালো করে কথা বলতে পারছিলেন না। রনির সন্দেহ হওয়ায় আশরাফুলদের বাসায় আসেন। এ সময় তিনি দেখেন আশরাফুল, তাঁর স্ত্রী বৃষ্টি বেগম, ভাবি মমতাজ বেগম, শ্যালিকা নুসরাত জাহান ও ভাতিজা মো. অর্ণব অচেতন হয়ে আছেন। পরে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তিন দিন চিকিৎসাধীন থাকার পর তাঁরা স্বাভাবিক হন। দুর্বৃত্তরা তাঁদের বাসা থেকে ১ ভরি স্বর্ণালংকার, ৫ হাজার টাকা ও একটি মুঠোফোন নিয়ে যায়।
আশরাফুল আলম বলেন, ‘১০টার পর আমরা আর কিছুই বলতে পারব না। দুর্বৃত্তরা ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ করে।’
পুলিশ সূত্রে আরও জানা গেছে, ১৯ ডিসেম্বর পৌর শহরের গাছতলাঘাট মহল্লার তেলু মিয়ার পরিবারের ১৩ জনকে চেতনানাশক ছিটিয়ে অচেতন করে দুর্বৃত্তরা। ওই দিন তেলু মিয়ার স্ত্রী ফুলমেহের বানু সন্তান ও নাতি-নাতনিদের নিয়ে তিনতলা ভবনের নিচতলায় ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে পরিবারের সদস্য রুবেল মিয়া ঘরে ঢুকে চিৎকার দিয়ে অচেতন হয়ে পড়েন। তাঁর চিৎকার শুনে ভবনের অন্য সদস্যরা অচেতন লোকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। চার দিন হাসপাতালে থাকার পর তাঁরা সুস্থ হন। তবে অপরাধীরা ওই পরিবার থেকে কিছু নিতে পারেনি।
গত সোমবার রাত আটটার দিকে চেতনানাশক ছিটিয়ে পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়ার হীরা মিয়ার পরিবারের ছয় সদস্যকে অজ্ঞান করা হয়। তাঁরা হলেন হীরা মিয়া, তাঁর স্ত্রী পরিষ্কার বানু, ছেলে মো. হাবিবুল্লাহ, পুত্রবধূ তানিয়া বেগম, নাতি প্রিতম মিয়া ও মো. এমি। হীরা মিয়ার অবস্থা আশঙ্কাজনক। তাঁরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা এন কে এম জাহাঙ্গীর আলম বলেন, প্রতিটি ঘটনায় চেতনানাশক স্প্রে করা হয়েছে। ধারণা করা হচ্ছে, স্প্রেতে শক্তিশালী চেতনানাশক ওষুধ ব্যবহার করা হচ্ছে।