ভৈরবে ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা
কিশোরগঞ্জের ভৈরবে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ও আইনজীবী মো. পলাশ (৩৫)। গত সোমবার রাতে শহরের ভৈরবপুর এলাকার নাটাল চত্বরে এ ঘটনা ঘটে।
পলাশের গ্রামের বাড়ি ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের আগানগর দক্ষিণপাড়া গ্রামে। তিনি গ্রামের বাড়িতে থেকে কিশোরগঞ্জ আদালতে আইন পেশার পাশাপাশি একটি কিন্ডারগার্টেনও চালাতেন। তাঁর কোনো রাজনৈতিক প্রতিপক্ষ ছিল না বলে জানিয়েছে পরিবার।
পুলিশ, পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শহরের চণ্ডীবের এলাকায় শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য সোমবার সন্ধ্যায় গ্রামের বাড়ি থেকে ভৈরব শহরে আসেন পলাশ। রাত ১১টা ১৫ মিনিটের দিকে রিকশায় চড়ে যাওয়ার সময় নাটাল চত্বরে দুর্বৃত্তদের কবলে পড়েন। দুর্বৃত্তরা তাঁর শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাত করে। রিকশাচালক তাঁকে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে একটু দূরে শহীদ জিয়া তোরণসংলগ্ন রাস্তার ওপর ফেলে চলে যান। দীর্ঘ সময় সেখানে পড়ে থাকার পর পথচারীরা তাঁকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার আগেই রক্তক্ষরণের কারণে পলাশের মৃত্যু হয়।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার বলেন, সুরতহাল প্রতিবেদনে পলাশের শরীরের তিনটি স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সব কটি আঘাত ডান পায়ে। তাঁর প্যান্টের পকেট থেকে মুঠোফোন ও মানিব্যাগ পাওয়া গেছে। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
ওসি বলেন, ছিনতাইকারীরা ঘটনা ঘটিয়ে থাকলে মানিব্যাগসহ সব নিয়ে যেত। কিন্তু পলাশের প্যান্টের পকেটে টাকাসহ মানিব্যাগ পাওয়া গেছে। মুঠোফোনটিও ছিল।
পলাশের স্ত্রী আজমিনা খানম বলেন, তাঁদের একটি পুত্রসন্তান আছে। পলাশের সঙ্গে তাঁর শেষ কথা হয় রাত ১১টা পাঁচ মিনিটে। তখন তাঁকে জানিয়েছিলেন ভৈরব বাসস্ট্যান্ড থেকে রিকশায় শ্বশুরবাড়ি যাচ্ছেন। কেন ও কারা এই হত্যাকাণ্ড ঘটাল, তা পরিবারের কেউ ধারণা করতে পারছেন না। গ্রামের বাড়িতে গতকাল সন্ধ্যায় জানাজা শেষে রাতে তাঁর মরদেহ দাফন করা হয়।