ভৈরবে জ্বালানি তেল ব্যবসায়ীর লাশ উদ্ধার নয়জন আটক
কিশোরগঞ্জের ভৈরব থেকে দেলোয়ার হোসেন (৪২) নামের এক জ্বালানি তেল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার ভোরে মেঘনা পেট্রোলিয়াম ডিপোঘাট এলাকার একটি কার্গো থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ নয়জনকে আটক করেছে।
নিহত ব্যক্তির পরিবারের সদস্য ও পুলিশ জানায়, দেলোয়ারের বাড়ি ভৈরব পৌর শহরের চণ্ডীবের দক্ষিণপাড়া মহল্লায়। তিনি কয়লাঘাট এলাকায় জ্বালানি তেলের ব্যবসা করেন। গত শনিবার রাত নয়টার দিকে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বের হয়ে যান। তখন তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান খোলা ছিল এবং সেখানে কেউ ছিলেন না। এ কারণে পাশের দোকানিকে খেয়াল রাখার কথা বলে যান এবং কিছু সময়ের মধ্যে ফিরে আসবেন বলে জানিয়ে যান। কয়েক ঘণ্টা পরও ফিরে না আসায় পাশের দোকানিরা বিষয়টি পরিবারের সদস্যদের জানান। খোঁজাখুঁজির পর ভোর চারটার দিকে মেঘনা পেট্রোলিয়াম ডিপোঘাট এলাকার আম্বিয়া নেভিগেশন নামে একটি বালুবোঝাই কার্গোর সামনের অংশে দেলোয়ারের লাশ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা পুলিশকে জানান। পুলিশ ভোরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় পুলিশ জ্বালানি তেল ব্যবসায়ী পৌর শহরের কালিপুর মহল্লার মুখলেছ মিয়া, মানিক মিয়া, মানিকের বাবা ছাত্তার মিয়া, কার্গোর কর্মী নজরুল ইসলাম, সিরাজুল ইসলাম, রবিউল মিয়া, বাদশা মিয়া, মিন্টু মিয়া ও হেলাল মিয়াকে আটক করেছে।
দেলোয়ারের ভাই আবু বক্কর ছিদ্দিক বলেন, ‘আমার ভাইয়ের সঙ্গে একই পেশার কয়েকজনের ব্যবসাসংক্রান্ত দ্বন্দ্ব চলছিল।’ এ ঘটনায় তিনি বাদী হয়ে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, ‘শরীরের কোথাও দৃশ্যত কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে সবকিছু বিবেচনায় আনার পর মনে হচ্ছে, বিষয়টি স্বাভাবিক মৃত্যু না-ও হতে পারে।’
পুলিশি হেফাজতে জ্বালানি তেল ব্যবসায়ী মুখলেছ মিয়া বলেন, দেলোয়ারের সঙ্গে তাঁর কোনো বিরোধ ছিল না। একই কথা বলেন মানিক মিয়া ও তাঁর বাবা ছাত্তার মিয়া।
কার্গো জাহাজের কর্মীরা জানান, গভীর রাত হওয়ায় তাঁরা ঘুমিয়ে ছিলেন। ফলে কখন কীভাবে দেলোয়ার কার্গোতে ওঠেন ও তাঁর মৃত্যু হয়েছে, তাঁরা তা কিছুই জানেন না।