ভৈরবে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত, বাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শত্রুতার জের ধরে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার রসুলপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে ৫০ জন আহত হয়েছেন এবং ২০টি ঘর ভাঙচুর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কৃপিং বাড়ি ও নূরার বাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।
আহত ব্যক্তিদের মধ্যে তানিয়া বেগম (২৬), আলম মিয়া (৩৫), নুর আলম (২৮), বাদল মিয়া (৪০) ও সবুজ মিয়াকে (৩৪) বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি লোকজনকে ভৈরব ও কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে কয়েক যুগ ধরে কৃপিং বাড়ি ও নূরার বাড়ির মধ্যে বিরোধ চলে আসছে। বর্তমানে কৃপিং বাড়ির নেতৃত্ব দিচ্ছেন সাদেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক। নূরার বাড়ির নেতৃত্বে আছেন ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মুসলেম মিয়া। এ দুই পক্ষের মধ্যে গত বছরের ৫ নভেম্বর সর্বশেষ বড় ধরনের সংঘর্ষ হয়। এতে কৃপিং বাড়ির অহিদ মিয়া ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় মুসলেমকে প্রধান আসামি করে ৩৯ জনের বিরুদ্ধে অহিদ মিয়ার ভাই দুলাল মিয়া মামলা করেন। এ কারণে তাঁরা আত্মগোপনে যান। এ সুযোগে কৃপিং বাড়ির লোকজন নূরার বাড়িতে বেশ কয়েকবার হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন। ১৫ দিন আগে আসামিরা উচ্চ আদালত থেকে জামিন পান। পরে ৬ মার্চ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতাদের উদ্যোগে গ্রামটিতে শান্তি সমাবেশ হয়। এর মাধ্যমে নূরার বাড়ির লোকজন বাড়িতে ফেরেন। এরপর শনিবার পক্ষ দুটির মধ্যে আবার সংঘর্ষ হয়। এর জের ধরে গতকাল সকাল সাতটার দিকে নূরার বাড়ির লোকজন লাঠি ও টেঁটা নিয়ে কৃপিং বাড়িতে হামলা চালান। হামলায় কৃপিং বাড়ির ৩০ জন আহত হন এবং ১৫টি ঘর ভাঙচুর করা হয়। পরে কৃপিং বাড়ির লোকজন হামলা চালান। এতে নূরার বাড়ির ২০ জন আহত হন এবং ৫টি ঘর ভাঙচুর করা হয়।
কৃপিং বাড়ির ফজলুল হক বলেন, ‘নূরার বাড়ির লোকজন আরও কয়েকটি বংশের লোকজন নিয়ে আমাদের বাড়িতে তাণ্ডব চালিয়েছেন।’
নূরার বাড়ির মুসলেম মিয়ার ভাই মিজানুর রহমান বলেন, ‘গ্রামে ফিরে আসায় কৃপিং বাড়ির লোকজন সহ্য করতে পারছিলেন না। প্রতিহিংসা থেকে তাঁরা আমাদের বাড়িতে হামলা চালান, আমরা প্রতিরোধে নামি।’
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেসুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। অভিযোগ পেলে মামলা হবে।
সরিষাবাড়ীতে আহত ৭
এদিকে সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি জানান, গতকাল সরিষাবাড়ী পৌর শহরের কোনাবাড়ী গ্রামে বাড়ির সীমানা পরিমাপকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে চার নারীসহ সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে কেসমত আলী (৫৫), খোদেজা বেগম (৫০), সুখী বেগম (৪০), সহিতন বেওয়া (৭০) ও শাপলা খাতুনকে (১৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, কোনাবাড়ী গ্রামের কেসমত আলী ও প্রতিবেশী খোকা মণ্ডলের বাড়ির সীমানা নিয়ে বিরোধ ছিল। গতকাল খোকার লোকজন বিরোধপূর্ণ জায়গায় ঘর নির্মাণ শুরু করেন। এ সময় কেসমত আলীর লোকজন বাধা দিলে সংঘর্ষ বাধে। এতে সাতজন আহত হন।
সরিষাবাড়ী থানার ওসি মো. রেজাউল ইসলাম খান বলেন, অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।