ভৈরবে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ১৫
কিশোরগঞ্জের ভৈরবে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে উপজেলার সাদেকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে ফজলুল হক ও মুসলে উদ্দিন পক্ষের মধ্যে সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ওয়াহিদ মিয়া (৫০)। তাঁর বাড়ি উপজেলার রসুলপুর গ্রামে। তিনি ফজলুল পক্ষের সমর্থক ছিলেন। আহত ব্যক্তিদের মধ্যে ফজলুল পক্ষের ইয়াকুব মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মোহাম্মদ আলীকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং আলাল উদ্দিন, জবন ভূঁইয়া, মাসুদ মিয়া , লতিফ মিয়াকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মুসলে উদ্দিন পক্ষের আহত তিনজনকে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ফজলুল হক সাদেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আর মুসলে উদ্দিন বিএনপির সমর্থক। ফজলুল গ্রামটির কৃপণবাড়ির এবং মুসলে উদ্দিন নূরারবাড়ির নেতৃত্ব দিয়ে আসছেন। আধিপত্য বিস্তার নিয়ে এ দুটি বাড়ির লোকজনের মধ্যে ২৫ বছর ধরে বিরোধ চলছে। সর্বশেষ ঈদুল ফিতরের আগের দিন মুসলে পক্ষ ফজলুল পক্ষের এক ব্যক্তির ফলের বাগান নষ্ট করে। এর জের ধরে গত বৃহস্পতিবার দুই পক্ষের লোকজনের কথা-কাটাকাটি হয়। গতকাল সকাল ১০টার দিকে মুসলে পক্ষ ধারালো অস্ত্র নিয়ে ফজলুল পক্ষের বাড়িতে হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে ওয়াহিদ মিয়া বুকে বল্লমবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ফজলুল হক অভিযোগ করেন, ‘মুসলে উদ্দিন গ্রামে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছেন। আজকে দলবল নিয়ে আমাদের বাড়িতে হামলা চালিয়ে আমার সমর্থকদের গুরুতর জখম করেন। ওয়াহিদ ঘটনাস্থলেই মারা যান।’